টাঙ্গাইলের মির্জাপুরে তিন মেয়েসহ মাকে হত্যার চার মাস পার হলেও আজও অভিযোগপত্র দেয়নি পুলিশ। এ ছাড়া মামলার এজহারভুক্ত পাঁচ আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে মামলার বাদীর পরিবারের সদস্যদের মধ্যে হতাশা বিরাজ করছে।
নিহত হাসনা বেগমের (৩৫) বাবা আলাউদ্দিন ও ভাই মামলার বাদী মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, যে গতিতে মামলার তদন্ত প্রক্রিয়া চলছে, তাতে তাঁরা হতাশ এবং ন্যায়বিচার নিয়েও শঙ্কিত। এ ছাড়া মামলা দায়েরের পর গত চার মাসেও অভিযোগপত্র না দেওয়ায় আসামিদের নাম বাদ যেতে পারে ভেবেও তাঁরা উদ্বিগ্ন।
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ৬ অক্টোবর রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে মনিরা আক্তার (১৪), মীম আক্তার (১০) ও মলি আক্তারকে (৭) ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিনই গ্রামের জাহাঙ্গীর আলমকে (২৬) প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মোফাজ্জল হোসেন মামলা করেন।
গত ২২ নভেম্বর মামলার প্রধান আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার হন। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এ ছাড়া বিভিন্ন সময়ে মামলার এজাহারভুক্ত আসামিসহ পুলিশ আরও ১৯ জনকে গ্রেপ্তার করে। কিন্তু তাঁদের মধ্যে আটজনই এখন জামিনে।
বর্তমানে এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীর, তাঁর তিন চাচা আবুল কাশেম কাচ্ছেদ, বদর উদ্দিন ও আবুল কালাম, চাচাতো ভাই নূর মোহাম্মদ, ছোট ভাই হানিফ মিয়া, খালাতো ভাই বাদশা মিয়া, ফুফা নান্নু মিয়া, মামা আবুল কালাম আজাদ, বন্ধু সুশান্ত কুমার রায়, ফয়সাল ও রাজীব হোসেন জেলহাজতে আছেন।
তবে এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীরের বাবা বাহার উদ্দিন, চাচা খোরশেদ, প্রতিবেশী মোগর আলী, খবির উদ্দিন ও শাহ আলম এখনো পলাতক। কিন্তু ঘটনার পর চার মাস পার হলেও আদালতে মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, মামলাটি পুলিশের পর্যবেক্ষণ সেলে হয়েছে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে তিনি জানান।