পাঁচ কর্মকর্তার প্রতিস্বাক্ষরে ২২ ভুয়া অফিশিয়াল পাসপোর্ট

মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে অফিশিয়াল পাসপোর্ট নিয়েছেন, এমন ২২টি পাসপোর্টের কাগজপত্রে প্রতিস্বাক্ষর করেছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা। তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সব কটি পাসপোর্টেরই অনাপত্তিপত্র জাল ও ভুয়া।
পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানায়, যেসব মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগের কর্মকর্তাদের নামে এই অফিশিয়াল পাসপোর্ট ইস্যু করা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে ওই নামের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। আবেদনপত্রগুলোর হাতের লেখা একই রকম। অনাপত্তিপত্রে সংশ্লিষ্ট অফিসের সিলমোহর নেই। আবেদনপত্রে যে নাম ও ঠিকানা দেওয়া হয়েছে, সেগুলো ভুয়া। কয়েকটি ঠিকানায় যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। আবেদনপত্রে উল্লেখ করা মুঠোফোনেও কাউকে পাওয়া যায়নি। কয়েকজনের ফোন বন্ধ পাওয়া গেছে।
এই ২২টি পাসপোর্টের নথিতে প্রতিস্বাক্ষর করেছেন বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঢাকার পরিচালক মুন্সী মুয়ীদ ইকরাম, সহকারী পরিচালক এস এম শাহজামান, সহকারী পরিচালক উম্মে কুলসুম, সহকারী পরিচালক নাসরীন পারভীন ও উপপরিচালক মো. ফজলুল হক।
এর আগে তুরস্ক সরকারের দেওয়া এক চিঠির সূত্র ধরে অফিশিয়াল পাসপোর্ট জালিয়াতির বিষয়টি জানাজানি হয়। পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, গত এক বছরে অফিশিয়াল পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে প্রায় ২৪ হাজার ব্যক্তি ভ্রমণ করেছেন। সাড়ে সাত হাজার ব্যক্তি এখনো দেশে ফেরেননি।
সরকারি কর্মচারীর জিও (সরকারি আদেশ), এনওসির (অনাপত্তিপত্র) কপিসহ পাসপোর্টের আবেদনপত্র পর্যালোচনা করে দেখা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি হাসপাতাল, মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে এগুলো ইস্যু করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, প্রাপ্যতাবিহীন ব্যক্তিদের ‘অফিশিয়াল পাসপোর্ট’ দেওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, পাসপোর্টের গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে পড়েছে। এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ: ২২টি অফিশিয়াল পাসপোর্টের বিবরণ পর্যালোচনায় দেখা গেছে, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মুন্সী মুয়ীদ ইকরাম তিনটি পাসপোর্টে প্রতিস্বাক্ষর করেছেন। এর মধ্যে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের জাল ও ভুয়া অনাপত্তিপত্র ব্যবহার করে গত বছরের ১৮ ফেব্রুয়ারি পাসপোর্ট নেন ঢাকার মুশফিকুর রহমান এবং গত ৫ মে নেন কুমিল্লার আরিফুর রহমান। নৌপরিবহন মন্ত্রণালয়ের জাল অনাপত্তিপত্র দেখিয়ে ওই বছরের ১৫ এপ্রিল অফিশিয়াল পাসপোর্ট নেন সিলেটের জুয়েল আহমেদ।
পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শাহজামান প্রতিস্বাক্ষর করেছেন ১১টি পাসপোর্টের কাগজে। এর মধ্যে সেতু ভবনের এনওসি দিয়ে ২১ এপ্রিল পাসপোর্ট নিয়েছেন লক্ষ্মীপুরের রাসেদ খান ও যশোরের মোহাম্মদ জামাল উদ্দিন, ১৫ এপ্রিল কুমিল্লার জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও ২৩ এপ্রিল ঢাকার বিল্লাল মিয়া। ফরিদপুরের বিভাগীয় বন কার্যালয়ের এনওসি দেখিয়ে ৪ মে পাসপোর্ট নিয়েছেন যশোরের সোহাগ। সরকারি কর্মকমিশনের জাল এনওসি দিয়ে ২৭ এপ্রিল সিলেটের মো. সালাউদ্দিন ও মামুনুর রশীদ, ৪ মে শফিকুল আলম মান্না, ৫ মে নারায়ণগঞ্জের ইব্রাহিম, খলিল ও মোহাম্মদ মান্নান অফিশিয়াল পাসপোর্ট নিয়েছেন। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জাল এনওসি দিয়ে নওগাঁর সাইদুর রহমান অফিশিয়াল পাসপোর্ট নিয়েছেন ২ এপ্রিল।
পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে কুলসুম প্রতিস্বাক্ষর করেছেন পাঁচজনের পাসপোর্টের কাগজে। এর মধ্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের জাল এনওসি দিয়ে ২২ এপ্রিল পাসপোর্ট নিয়েছেন সাভারের মোহাম্মদ শাহজালাল, ৯ মার্চ নেন নোয়াখালীর ইয়াসিন আরাফাত ও ১২ এপ্রিল মাগুরার ইসমাইল হোসেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের জাল এনওসি দিয়ে ২৭ এপ্রিল পাসপোর্ট নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার রানা আবদুল মান্না ও ৩ মার্চ সিলেটের জুনায়েদ আহম্মেদ।
বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরীন পারভীন প্রতিস্বাক্ষর করেছেন দুটি পাসপোর্টের নথিতে। সরকারি বাঙলা কলেজের নামে জিও ব্যবহার করে গত ১৯ এপ্রিল পাসপোর্ট নিয়েছেন মুন্সিগঞ্জের মোহাম্মদ শামীম। গত ৮ মার্চ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের জাল এনওসি দিয়ে মৌলভীবাজারের রেজান হোসেন রুমি অফিশিয়াল পাসপোর্ট নিয়েছেন।
পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক ফজলুল হক প্রতিস্বাক্ষর করেছেন একটি পাসপোর্টের কাগজে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের নাম ও এনওসি ব্যবহার করে গত ৯ এপ্রিল পাসপোর্ট নিয়েছেন মুন্সিগঞ্জের মোহাম্মদ এমদাদ হোসেন।
যোগাযোগ করা হলে সেতু বিভাগ থেকে জানানো হয়েছে, রাসেদ খান, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আফজাল চৌধুরী, মোহাম্মদ জামাল উদ্দিন কখনো সেতু বিভাগে কাজ করেননি। এ বিষয়ে সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত করে দেখেছি, এ নামে আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী নেই।’
একই রকম তথ্য পাওয়া গেছে অন্য দপ্তরগুলোয় যোগাযোগ করে।
জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শাহজামান প্রথম আলোকে বলেন, ‘এনওসি যাচাই করার নিয়ম বা সুযোগ নেই। এসব অনাপত্তিপত্রে প্রতিস্বাক্ষর করেছি ঠিকই, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনাপত্তিপত্র গ্রহণ করেন অন্যজন। গ্রহণ করা চিঠি প্রতিস্বাক্ষর করে দিই আমি। ওই মুহূর্তে আমার পক্ষে বোঝা সম্ভব না যে এসব জাল। মূলত নোটিং সেকশনই দেখে এনওসি সঠিক কি না। বর্তমানে এ সেকশন দেখছেন উম্মে কুলসুম।’
সহকারী পরিচালক উম্মে কুলসুম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।’
অন্য দুজন কর্মকর্তাকে ফোনে পাওয়া যায়নি। একজন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ রিজওয়ান বলেন, ‘আমরাও ইতিমধ্যে এসব অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।’