পাঁচ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মবুপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মবুপুর গ্রামের মোহাম্মদ আলী (৫০) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাদারীপাড়া গ্রামের হাকিম (৩০)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদস্যরা বৃহস্পতিবার রাতে মবুপুর গ্রামে অভিযান চালান। এ সময় ৫ কেজি গাঁজা, ২ হাজার ৬০ টাকা, ২টি মুঠোফোনসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেছে। আজ শুক্রবার ওই দুজনকে র্যাব বেলকুচি থানায় সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।