পাঁচ কেজি সোনাসহ দুই নারী আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার শুল্ক গোয়েন্দারা প্রায় পাঁচ কেজি সোনাসহ দুই নারীকে আটক করেছেন। তাঁরা হলেন নাসিমা আক্তার ও জেসমিন আক্তার।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে মাস্কাট থেকে রিজেন্ট এয়ারলাইনসের একটি উড়োজাহাজ চট্টগ্রাম হয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে ওই বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বের হওয়ার পর ওত পেতে থাকা শুল্ক গোয়েন্দারা দুই নারীকে আটক করেন। তাঁদের শরীর তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ৪ দশমিক ৬ কেজি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, উদ্ধার করা সোনার মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা। তিনি বলেন, আটক সোনাগুলো শুল্ক গুদামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। নাসিমার (৩৫) বাড়ি কক্সবাজারের চকরিয়ায় এবং জেসমিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।