পাঁচ কোটি টাকার বাইপাস ফাঁকা, মূল সড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দরের যানজট কমাতে নির্মাণ করা হয়েছে বাইপাস সড়ক। রাতে নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সৌরচালিত সড়কবাতি। এরপরও সোয়া পাঁচ কোটি টাকার এ সড়ক অব্যবহৃত থাকছে। ওদিকে বন্দরের মূল সড়কে লেগেই আছে যানজট।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, এ বন্দর দিয়ে ভারত থেকে
প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। অপরদিকে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাক ভারতে যায়। এর প্রায় সবই যাতায়াত করে বেনাপোল ‘নোম্যান্স ল্যান্ড’ দিয়ে। একই পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রীরাও যাতায়াত করেন। যাত্রীদের যানজট দূর ও যাতায়াত নির্বিঘ্ন করতে বেনাপোল বাইপাস মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যশোর কার্যালয় সূত্র জানায়, ৩ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ বাইপাস মহাসড়কটির নির্মাণকাজ ২০০৮ সালে শুরু হয়ে ২০১৪ সালে শেষ হয়। এতে ব্যয় হয় ৫ কোটি ২৫ লাখ ৬২ হাজার টাকা। ২০১৫ সালের ২ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কটির উদ্বোধন করেন।

যশোর সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, জমি অধিগ্রহণ ও মাটি ভরাট করে বাইপাস মহাসড়কটি নির্মাণ করা হয়েছে। এ জন্য সময় কিছুটা বেশি লেগেছে। মন্ত্রী মহোদয় উদ্বোধন করার পর সড়কটি যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, যশোর-বেনাপোল মহাসড়কের দীঘিরপাড় এলাকা থেকে শুরু হয়ে বেনাপোল তল্লাশিচৌকির জিরো পয়েন্টে গিয়ে বাইপাস মহাসড়কটি শেষ হয়েছে। পুরো সড়কে কিছু দূর পরপর লাগানো রয়েছে সড়কবাতি। কিন্তু সড়কটি কার্যত ফাঁকা। মাঝেমধ্যে দু-একটি ট্রাক চলছে। কয়েকটি ইঞ্জিনচালিত ভ্যানেরও দেখা মিলল। কিন্তু স্থলবন্দরের মূল সড়কে দেড় কিলোমিটার পর্যন্ত গাড়ির সারি।

বেনাপোল স্থলবন্দর, পৌরসভা এবং পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বাইপাস সড়কটি অব্যবহৃত থাকার তিনটি কারণ পাওয়া গেল। ছিনতাইয়ের ভয়, পরিবহন মালিক ও ট্রাকচালকদের অনীহা এবং ওজন পরিমাপের যন্ত্র (স্কেল) না থাকা। বাইপাস দিয়ে হেঁটে যাচ্ছিলেন পাশের দীঘিরপাড় গ্রামের ট্রাকচালক মো. সেলিম। তিনি বলেন, প্রায় দুই বছর হলো বাইপাস সড়কটি উদ্বোধন করা হয়েছে। কিন্তু এখনো সীমিতসংখ্যক যানবাহন এ সড়কে চলে। রাতের বেলা এ সড়কে ছিনতাই হয়। এ কারণে চালকেরা রাস্তাটি এড়িয়ে চলেন।

ভবেরবেড় গ্রামের ট্রাকচালক মো. শাহিন বলেন, যে উদ্দেশ্যে বাইপাস সড়কটি তৈরি করা হয়েছে, সে উদ্দেশ্য অর্জন হচ্ছে না। যখন স্থলবন্দরে তীব্র যানজট থাকে, তখন খালি গাড়ি বাইপাস দিয়ে ঢোকায়। বাকি সময় রাস্তা একেবারেই ফাঁকা থাকে। তবে সড়কবাতি লাগানোয় কিছুটা সুবিধা হয়েছে। তাঁর মতে, বাইপাসটি পুরোপুরি চালু হলেই ছিনতাই বন্ধ হয়ে যেত।

স্থলবন্দর–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সৌরচালিত সড়কবাতি লাগানোর পর বাইপাস সড়কটির ব্যবহার আগের তুলনায় কিছুটা বেড়েছে।

বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, পৌরসভার পক্ষ থেকে গত জুন মাসে এ সড়কে ১১০টি সৌরচালিত বাতি লাগানো হয়েছে। এরপরও পরিবহন ব্যবসায়ীদের অনীহার কারণে বাইপাস মহাসড়কটি পূর্ণাঙ্গভাবে ব্যবহৃত হচ্ছে না।

বেনাপোল পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী বলেন, গাড়িচালকদের কাছে টাকা, মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র থাকে। নিরাপত্তার অভাবে তাঁরা বাইপাস দিয়ে যেতে চান না। তবে সৌরচালিত সড়কবাতি লাগানোর ফলে এখন অনেকে এ সড়ক ব্যবহার করছেন।

বন্দরের কর্মকর্তারা জানান, পণ্যবাহী যেসব ট্রাক ভারতে যায়, সেগুলোকে বাইপাস ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এতে কাজও হচ্ছে। তবে বাইপাস সড়কে ওজন পরিমাপের কোনো যন্ত্র নেই। ফলে ভারত থেকে আসা ট্রাকগুলো ওই সড়ক ব্যবহার করতে পারছে না। আবার অভ্যাসগত কারণে এসব ট্রাক ফিরে যাওয়ার সময়ও বাইপাস ব্যবহার করে না। ফলে স্থলবন্দরের মূল সড়কে যানজট লেগে যাচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন প্রথম আলোকে বলেন, ‘বাইপাস মহাসড়কটির ব্যবহার এখন আগের তুলনায় বেড়েছে। রপ্তানির প্রায় সব ট্রাক এখন বাইপাস দিয়ে যাচ্ছে। এতে বন্দরের যানজট অনেকটা কমেছে। তবে বাইপাসটির আরও বেশি ব্যবহার দরকার। বাইপাসটি যত বেশি ব্যবহার করা হবে, বন্দরের যানজট তত কমে যাবে।’