পাঁচ কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তারা দেড় হাজার গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত পেতে ১৬ সেপ্টেম্বর দুই শতাধিক গ্রাহক বড়কুল পশ্চিম ইউনিয়নের বেলচোঁ বাজারে মানববন্ধন করেন।
ওই সমিতির নাম দিকচাইল বহুমুখী সমবায় সমিতি। বড়কুল পশ্চিম ইউনিয়নের দিকচাইল গ্রামে এর কার্যালয়। সমিতির গ্রাহকদের টাকা জমার বইয়ে লেখা তথ্য অনুযায়ী, সমিতিটি ২০১০ সালে চাঁদপুর থেকে নিবন্ধন করে। দিকচাইল গ্রামের মো. জাকির হোসেন সমিতির সভাপতি।
সমিতির একাধিক গ্রাহক ও উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা গেছে, এ সমিতিতে প্রায় দেড় হাজারের মতো গ্রাহক আছেন। এসব গ্রাহকের কাছ থেকে স্থায়ী আমানত ও সঞ্চয়ী হিসাবের নামে প্রায় পাঁচ কোটি টাকা সংগ্রহ করা হয়।
দিকচাইল গ্রামের গৃহবধূ সেলিনা বেগম বলেন, মাসিক দুই হাজার টাকা মুনাফায় ২০১১ সালে তিনি ৬ লাখ ৬০ হাজার টাকা স্থায়ী আমানত রাখেন। আড়াই বছর তাঁকে মুনাফার টাকা দেওয়া হয়েছে। ২০১৩ সালে টাকা ফেরত চাইলে তাঁকে ইসলামী ব্যাংকের হাজীগঞ্জ বাজার শাখার একটি চেক দেওয়া হয়। তবে ওই চেক প্রত্যাখ্যান হয়। ওই গ্রামের রোকেয়া বেগম বলেন, দুই বছর আগে তিনি দুই লাখ টাকা জমা রেখেছেন। কয়েক মাস লাভের টাকা পেয়েছেন। পরে টাকা ফেরত চাইলে সমবায় সমিতির কর্মকর্তারা নানা টালবাহানা করতে থাকেন।
গ্রাহকদের অভিযোগ, টাকা ফেরত দেওয়ার সময় এলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সমিতির সভাপতি জাকির হোসেন ও ব্যবস্থাপক কবির হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়েছেন। এ ব্যাপারে কথা বলার জন্য তাঁদের মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।
দিকচাইল বহুমুখী সমবায় সমিতির গ্রাহক সুলতানা বেগম, শওকত আলী, সিরাজুল ইসলাম ও তাসলিমা আক্তার বলেন, কষ্ট করে টাকাগুলো জমিয়ে তাঁরা হিসাব খোলেন। টাকা ফেরত পেতে তাঁরা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা আলো রানী সরকার বলেন, ‘দিকচাইল বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তারা তাঁদের কার্যক্রম বন্ধ করে পালিয়ে গেছেন বলে শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে গ্রাহকেরা প্রয়োজনীয় প্রমাণসহ জেলা সমবায় কার্যালয়ে আবেদন করতে পারেন। অথবা সরাসরি তাঁদের আদালতে মামলা করতে হবে।’
জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা সমবায় কর্মকর্তা বা গ্রাহকদের কেউ দিকচাইল সমবায় সমিতির ঘটনাটি তাঁকে জানাননি। গ্রাহকদের কেউ মামলা করতে চাইলে তিনি এ বিষয়ে সহায়তা দেবেন। চাঁদপুরে সমবায় সমিতির বিরুদ্ধে এ পর্যন্ত আদালত ও থানায় ৫০টি মামলা করা হয়েছে।