পাঁচ কোটি টাকার দরপত্রে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পোস্ট গ্র্যাজুয়েট কলেজ প্রকল্পের অধীন ছাত্রীনিবাস নির্মাণকাজের প্রায় পাঁচ কোটি টাকার দরপত্র দাখিলে নীলফামারীর ঠিকাদারদের একদল সন্ত্রাসী বাধা দিয়েছে। দিনাজপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সফিকুল আলম কন্সট্রাকশনের মালিক এস এম সফিকুল আলম জানান, ২০১৪-১৫ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে পোস্ট গ্র্যাজুয়েট কলেজ প্রকল্পে নীলফামারী ও দিনাজপুর সরকারি কলেজের জন্য ১০০ শয্যা করে ছাত্রীনিবাস নির্মাণের দরপত্র গত ১৬ এপ্রিল আহ্বান করা হয়। প্রতিটি নির্মাণকাজের বরাদ্দ ধরা হয়েছে ৪ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার টাকা। দিনাজপুরে অবস্থিত ওই দপ্তরের আঞ্চলিক কার্যালয়ে দরপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার বেলা একটা পর্যন্ত।
এস এম সফিকুল আলম অভিযোগ করেন, নীলফামারীর ঠিকাদারেরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে দরপত্র দাখিলের জন্য যান। কিন্তু সেখানে যাওয়ার পর একদল সন্ত্রাসী তাঁদের একটি ঘরে আটকে রাখে। এর মধ্যে অনেকেই বের হওয়ার চেষ্টা করলে তাঁদের দরপত্র কেড়ে নেওয়া হয়। দরপত্র দাখিলের সময় শেষ হলে বেলা দেড়টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। নীলফামারীর অপর ঠিকাদার আরিফ হোসেন বলেন, নীলফামারী ও দিনাজপুরের সরকারি কলেজের পৃথক দুটি ছাত্রীনিবাস নির্মাণের দরপত্র আহ্বান করা হলেও নীলফামারীতে দরপত্র দাখিলের কোনো ব্যবস্থা করা হয়নি। কর্তৃপক্ষ শুধু দিনাজপুরের সংশ্লিষ্ট দপ্তর, জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয়ে দরপত্রের বাক্স বসিয়েছেন। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় তাঁরা ওই দুই কার্যালয়েও যেতে পারেননি।
নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম বলেন, দরপত্র আহ্বান করা হলে নীলফামারী শিক্ষা প্রকৌশল কার্যালয় থেকে ছয়টি শিডিউল কিনেছেন নীলফামারীর ঠিকাদারেরা। নীলফামারীতে শিডিউল বিক্রি হলেও দাখিলের ব্যবস্থা কেন রাখা হয়নি জানতে চাইলে তিনি বলেন, দরপত্র আহ্বান করেছেন নির্বাহী প্রকৌশলী। কেন নীলফামারীতে দরপত্র গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি, সেটা তিনিই বলতে পারবেন। এ বিষয়ে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।