নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এম এ হাসেম কলেজে সরকারি নীতিমালা অমান্য করে নির্ধারিত সময়ের আগেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ২০ জুন থেকে শিক্ষার্থী ভর্তির কথা। কিন্তু বেসরকারি এই কলেজটিতে ভর্তি শুরু হয়েছে ৫ জুন থেকে। ওই কলেজে ভর্তি ফিও নেওয়া হচ্ছে পাঁচ গুণ বেশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, ৫ জুন থেকে এম এ হাসেম কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। ১ হাজার টাকার জায়গায় ভর্তি বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হচ্ছে ৫ হাজার ৭৬৭ টাকা করে। শিক্ষার্থীদের দেওয়া রশিদে ওই টাকার বিপরীতে খাত উল্লেখ করা হয়েছে ভর্তি ফরম ১৩০ টাকা, পুনঃ ভর্তি ফি ৪০০ টাকা, সেশন ফি ৩ হাজার ৭০০ টাকা, ছয় মাসের বেতন ১৫ শ টাকা, পরিচয়পত্র ৫ টাকা ও ব্যাচ বাবদ ২০ টাকা, স্কাউট বা বিএনসিসি ১২ টাকা।
অথচ গত ৭ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার ৫ নম্বর অনুচ্ছেদের ৫ নম্বর কলামে বলা হয়েছে- সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকল্যে মফস্বল বা পৌর (উপজেলা) এলাকায় ১ হাজার, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার, ঢাকা ব্যতীত অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি হবে না।
সরকারি নীতিমালা ঘেঁটে দেখা যায়, উপজেলা পর্যায়ের কলেজগুলো সেশন ফি বাবদ নির্ধারিত ১ হাজার টাকার অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি ১২০ টাকা, ক্রীড়া ফি ৩০ টাকা, রোভার ফি ১৫ টাকা, রেডক্রিসেন্ট ফি ৮ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকাসহ মোট ১৮৫ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবে। আর কোনো শিক্ষার্থীর পাঠ বিরতি থাকলে ও বিলম্বে ভর্তি হলে তার নিকট থেকে উল্লেখিত ফির অতিরিক্ত পাঠ বিরতি ফি ১০০ টাকা ও বিলম্ব ভর্তি ফি ৫০ টাকা আদায় করতে পারবে।
অতিরিক্ত ফি আদায় প্রসঙ্গে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ইসহাক সিকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কলেজ পরিচালনা কমিটির বৈঠকে ৫ হাজার ৭৬৭ টাকা করে ভর্তি ফি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে এই কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তাদের নির্ধারিত সময়ের আগে ভর্তি করার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে দাবি করেন অধ্যক্ষ।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরিদর্শক মো. জামাল নাছের বলেন, ২০ জুনের আগে কোনো কলেজে একাদশ শ্রেণিতে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই। বোর্ড থেকে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকাও এখনো কলেজে পাঠানো হয়নি। আর ভর্তির ক্ষেত্রে যদি কেউ নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ফি নেয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত ফি নেওয়ার পেছনে কলেজের অধ্যক্ষ পরিচালনা কমিটির সিদ্ধান্তের দোহাই দিলেও কমিটির সদস্যরাও বলছেন অন্য কথা।
এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. নূর নবী প্রথম আলোকে বলেন, অধ্যক্ষ এ-সংক্রান্ত কোনো কার্যবিবরণী দেখাতে পারবেন না। কারণ পরিচালনা কমিটির সভায় এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। গত বছর ভর্তি ফি বাবদ নেওয়া হয়েছিল ২ হাজার ৬০০ টাকা করে। সেখানে এ বছর তিনি কীভাবে ৫ হাজার ৭৬৭ টাকা নিচ্ছেন এটা তিনিই বলতে পারবেন।
একই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম প্রথম আলোকে বলেন, অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি জানার পর তিনি ইতিমধ্যে ওই কলেজের অধ্যক্ষসহ পরিচালনা কমিটির সদস্যদের ডেকে সরকারি নির্দেশনা অনুযায়ী ফি নিতে বলেছেন। এ ছাড়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন।