পাঁচ চীনা নাগরিকের ওপর হামলা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির সাবেক এক নেতার ছেলেদের হামলায় পাঁচ চীনা নাগরিক আহত হয়েছেন। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাগবাড়ি এলাকায় গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. শামীম বলেন, গতকাল রাত নয়টার দিকে ওয়াংহুই (২৫), লিজিমিং (২৫), লি বাও ডং (৪৫), ছং ইয়া ফেং (৩৬) ও ইয়াং উই ক্যাং (২৭) নামের পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় এখানে আনা হয়। তাঁদের মাথাসহ দেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের ইচ্ছা অনুযায়ী আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাবেক সভাপতি মৃত রোকনউদ্দিন মোল্লার ছেলেদের কাছ থেকে চীনের কয়েকজন ব্যবসায়ী কয়েকটি গুদাম ভাড়া নেন। সেখানে তাঁরা (চীনা নাগরিক) পাওয়ার লুম কারখানার বিভিন্ন যন্ত্রপাতির ব্যবসা করতেন। গতকাল রাত আটটার দিকে গুদামের ফটক খোলা নিয়ে নিরাপত্তাকর্মী রফিকুলের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর রোকনউদ্দিন মোল্লার ছেলে মাঈনউদ্দিনসহ ১০-১২ জন লোক রড, লাঠি দিয়ে চীনের ওই পাঁচ ব্যক্তিকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে যান। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে নিরাপত্তাকর্মী রফিকুলকে আটক করে পুলিশ। রফিকুল নরসিংদী সদর থানার দিঘিরপাড় এলাকার জিন্নত আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন গতকাল রাত ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এখনো এ ঘটনায় থানায় মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।