পাঁচ ছাত্রীকে পেটালেন শিক্ষক, দুজন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পড়া না পারায় পাঁচ ছাত্রীকে পিটিয়েছেন এক শিক্ষক। গতকাল সোমবার উপজেলার কলাকান্দির এইচ কে আসমাতুননেছা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষকের পিটুনিতে অসুস্থ হয়ে পড়ায় অষ্টম শ্রেণির তানিয়া আক্তার-১ ও মুক্তা আক্তারকে গতকাল বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া অপর তিনজন হলো একই শ্রেণির আরিফা আক্তার, তানিয়া আক্তার-২ ও তানজিনা আক্তার।

ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল নয়টা থেকে বিদ্যালয়ের গণিত শিক্ষক মোহাম্মদ আলী ক্লাস নিচ্ছিলেন। এ সময় পড়া না পারায় ওই পাঁচ ছাত্রীর প্রত্যেকের দুই হাতে বেত দিয়ে ২০টি করে আঘাত করেন মোহাম্মদ আলী। পরে তাদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারের একটি ক্লিনিকে চিকিৎসার পর বাড়ি নিয়ে যান অভিভাবকেরা। অবস্থার উন্নতি না হওয়ায় বিকেলে তানিয়া-১ ও মুক্তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তাদের পরিবার।

এ বিষয়ে গণিত শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘ ক্লাসে গণিত পড়ানোর সময় পড়া ধরলে কয়েকজন পড়া পারেনি। এ জন্য তাদের বেত দিয়ে কয়েকটি আঘাত করেছিলাম। প্রত্যেকের হাতে ২০টি করে আঘাত করার বিষয়টি সঠিক নয়।’