পাঁচ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশলী ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের স্নাতকোত্তর পর্বের একজন ছাত্রকে আজীবন, দুজনকে এক বছর করে ও অপর দুজনকে আবাসিক হল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া একজন নিরাপত্তাকর্মীকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন রিজেন্ট বোর্ডের সভায় গতকাল শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. হায়াতুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ রিজেন্ট বোর্ড গ্রহণ করেছে। যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের নোটিশ পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তাকর্মী বদিউজ্জামান বাদলকে কয়েকজন ছাত্র মারধর করেন। পরে বাদল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ছাত্রদের ওপর হামলা করেন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। ছাত্ররা বাদলের শাস্তির দাবিতে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভের মুখে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি গতকাল শনিবার রিজেন্ট বোর্ডে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।
ওই প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন ছাত্রের মধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয় থেকে (বিভিন্ন মেয়াদে) ও দুজনকে আবাসিক হল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জ্যেষ্ঠ নিরাপত্তাপ্রহরী বদিউজ্জামান বাদলকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।