পাঁচ জেলা থেকে ৭৮ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ জেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। জেলাগুলো হলো সাতক্ষীরা, ঝিনাইদহ, মৌলভীবাজার, গাজীপুর ও কুমিল্লা। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সাতক্ষীরা: আটটি থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মীসহ ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা ছাড়াও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ: ছয়টি উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার: জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মৌলভীবাজার আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গাজীপুর: কালিয়াকৈর উপজেলার সফিপুর ও পূর্ব চান্দরা এলাকায় গতকাল অভিযান চালিয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শওকত হোসেনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও গোলাম সবুর বলেন, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে গতকাল থেকে তাঁরা পুলিশ নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেন। তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা: শহরের শুভপুর এলাকায় গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে ছাত্রদলের নেতাসহ তিনজনকে আটক করে র‍্যাব। তাঁরা হলেন আদর্শ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, শুভপুর এলাকার মাজেদুল হক ও সহিদুল হক। এ সময় নয়ন ভিলা নামের একটি বাড়ি থেকে দুটি পিস্তল, ম্যাগাজিন, লেদ মেশিন, গান পাউডার, অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করা হয় বলে জানান র‍্যাব-১১-এর কমান্ডার মেজর মো. মোস্তফা কায়জার।