বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে চলা হরতালে দেশের বিভিন্ন স্থানে ধরপাকড় অব্যাহত রয়েছে। তবে আটক আতঙ্কে বেশির ভাগ স্থানের নেতা-কর্মীরা আত্মগোপন করেছেন। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ছয় জেলায় ৫১ জনকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরায় জামায়াত-বিএনপির পাঁচ কর্মীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান
চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটের বিশ্বনাথে উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম আখতার ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগিচা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বরগুনার পাথরঘাটায় জঙ্গি সম্পৃক্ততা ও নাশকতার অভিযোগে আবদুস সত্তার নামে এক মাদ্রাসাশিক্ষককে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী পাথরঘাটা আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, সন্দেহজনকভাবে তাঁকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাচোল থানার ওসি
তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে তাঁকে নাচোল চেয়ারম্যানপাড়ার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পাশ থেকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জের ভৈরব থেকে রাজন মিয়া (৩০) ও সাকিল মিয়া (৩২) নামে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া থেকে সাকিলকে এবং পঞ্চবটি থেকে রাজনকে আটক করে পুলিশ।
নোয়াখালীর চাটখিল পৌর জামায়াতের আমির নজরুল ইসলামকে গতকাল সন্ধ্যায় তাঁর বাসা থেকে আটক করেছে পুলিশ।
(প্রথম আলোর প্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি)