পাঁচ জেলার মহাসড়কে নছিমন, করিমন চলাচল বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র ও ইজিবাইক চলাচল ৭২ ঘণ্টার মধ্যে বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও খুলনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে জেলাগুলোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বলা হয়েছে।

‘ফরিদপুরে অবাধে চলছে মাহিন্দ্র, নছিমন, ইজিবাইক’ শিরোনামে ১০ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনের ভিত্তিতে মহাসড়কে এসব যান চলাচল বন্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত রোববার রিটটি করা হয়। গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।

পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ওই পাঁচ জেলায় নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র ও ইজিবাইক নামের যান চলাচল করছে, যা সম্পূর্ণ বেআইনি। এগুলোর ফিটনেস ও বিআরটিএর অনুমতিও নেই। মহাসড়কে অবৈধ এসব যান চলাচলের কারণে প্রতিদিন বহু প্রাণহানি ও সম্পত্তি নষ্ট হয়।

রুলে এসব যান চলাচলে অনুমতির ক্ষেত্রে মোটরযান অধ্যাদেশ অনুসরণ করতে কেন নির্দেশ কেন দেওয়া হবে না এবং ওই সব যানবাহন চলাচল বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, যোগাযোগসচিব, ডিআইজি (হাইওয়ে), বিআরটিএর চেয়ারম্যান, পাঁচ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ২০ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একই সংগঠনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার মহাসড়ক থেকে ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও ভটভটি সাত দিনের মধ্যে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছিলেন। জেলাগুলো হলো যশোর, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, মাগুরা ও বাগেরহাট।