পাঁচ জেলায় গ্রেপ্তার ৬২, সিলেটে গাড়ি ভাঙচুর
নাশকতার ঘটনা বা নাশকতার আশঙ্কায় গত সোমবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত পাঁচ জেলায় অন্তত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী। এ ছাড়া গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে যাত্রীবাহী মাইক্রোবাসসহ চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
সিলেট: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় গত সোমবার বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রতিবাদে জামায়াতের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন গতকাল সকালে সিলেট নগরের কুমারপাড়া ও মদিনা মার্কেট এলাকায় জামায়াত-শিবিরের একদল কর্মী ঝটিকা মিছিল করে যাত্রীবাহী মাইক্রোবাসসহ চারটি গাড়ি ভাঙচুর করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। কুমারপাড়া মোড়ের কাছে মিছিল থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে সিলেট নগরে প্রবেশের মোড় মদিনা মার্কেট এলাকায় একই কায়দায় ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির। তখন যাত্রীবাহী একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কারসহ দুটো অটোরিকশা ভাঙচুর করা হয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে যান।
সলঙ্গা থানার এসআই মফিজুল ইসলাম জানান, এরশাদুলের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া ও নাশকতার অভিযোগে একাধিক অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা: নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৪৯ জনের মধ্যে জামায়াতের ১৮ জন ও বিএনপির ১৮ কর্মী রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর: বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি শিবির কর্মী মেহেদী হাসানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার রহমাননগর গ্রামে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, গত সোমবার রাত ১২টার দিকে গাড়িদহ এলাকায় একটি পেট্রলপাম্পের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ: গত সোমবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের ডন চেম্বার এলাকায় বাসে পেট্রলবোমা হামলা চালানোর ঘটনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই শিবির কর্মী।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আনন্দ পরিবহনের ওই বাসে পেট্রলবোমা মেরে পালিয়ে যাওয়ার সময় ইউসুফ হোসেন নামের এক শিবির কর্মীকে এলাকাবাসী হাতেনাতে আটক করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। ইউসুফ নারায়ণগঞ্জের বন্দরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই বিআইএমটির শিপ বিল্ডিং অ্যান্ড ফেব্রিকস বিভাগের ছাত্র।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় গতকাল জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ। ছাতক থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, গতকাল সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ: নাশকতায় জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গায় থানা শাখার সভাপতি এরশাদুল ইসলামকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের কুমাজপুর এলাকা থেকে গতকাল বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামে।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সাতক্ষীরা এবং সুনামগঞ্জ অফিস ও নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি]