দেশের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী ও পুলিশের ‘বিশেষ অভিযান’ অব্যাহত আছে। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ জেলায় অন্তত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও সমর্থক।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় বুধবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৭ কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, যৌথ বাহিনীর অভিযানে সদর থানা থেকে এগারোজন, কলারোয়া থেকে ছয়জন, তালা থেকে চারজন, কালিগঞ্জ থেকে ছয়জন, আশাশুনি থেকে চারজন, দেবহাটা থেকে তিনজন, পাটকেলঘাটা থেকে চারজন ও শ্যামনগর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধা: সাতটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির ১০ জন ও জামায়াত-শিবিরের আটজন নেতা-কর্মী রয়েছেন। অন্য সাতজন বিভিন্ন মামলার আসামি। বুধবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, নাশকতা, সন্ত্রাস ও হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম: নাশকতার পরিকল্পনার অভিযোগে শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মাঈনুদ্দিন সিফাত, কর্মী খায়রুল আবেদীন, ফারহান নাছির ও আবদুল কাইয়ুম। বুধবার রাতে নগরের বিএড কলেজের পাশে একটি ছাত্রাবাস থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়ার একটি ছাত্রাবাস থেকে গত বুধবার রাতে ছাত্রশিবিরের আটজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নুরুল আমিন, মো. রাসেল, মো. মাসুদ, মো. ইদ্রিচ, নুর হোসাইন, মো. আকতারুজ্জামান, মিজানুর রহমান ও আবদুর রহিম।
বুধবার রাতে সীতাকুণ্ড পৌর সদর থেকে মহিউদ্দীন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি পৌর সদরের আমিরাবাদ ওয়ার্ডের দেওয়ানদিঘির পার এলাকায়। তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, মহিউদ্দীন শিবিরের সক্রিয় কর্মী।
সিলেট: জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ বলেন, লোকমানের বিরুদ্ধে নগরে নাশকতাসহ গাড়ি ভাঙচুরের একাধিক মামলা রয়েছে।
কুষ্টিয়া: খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলীকে গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে গ্রেপ্তার করে পুলিশ। খোকসা থানার ওসি কাজী দাউদ হোসেন বলেন, খোকসার চরপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে সদর থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।