পাঁচ জেলায় তিন তরুণসহ ছয়জন খুন
শরীয়তপুরের জাজিরা, কুষ্টিয়ার বড়বাজার মিলপাড়া ও পটুয়াখালী সদরে তিন তরুণ খুন হয়েছেন। এ ছাড়া ফরিদপুরের মধুখালীতে এক অটোরিকশাচালক, গোপালগঞ্জের মুকসুদপুরে এক ব্যক্তি ও গোপালগঞ্জ সদরে এক কলেজছাত্র খুন হয়েছেন। গত চার দিনে এসব খুনের ঘটনা ঘটে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: জাজিরার হাওলাদার কান্দি গ্রামের আমির হোসেন হাওলাদারের পরিবারের সঙ্গে সোনামুদ্দিন হাওলাদারের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে ২০১১ সালে সংঘর্ষে আমির হোসেন হাওলাদারের সমর্থক স্বপন হাওলাদার নিহত হন। গত রোববার দুপুরে আমিরের ছেলে আল আমিন হাওলাদারকে (২৪) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জমি নিয়ে বিরোধে সোনামুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হাওলাদার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আল আমিন ঢাকার নবাবগঞ্জে রঙের ব্যবসা করতেন। ঈদের পর তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। ঈদের জন্য আল আমিন বাড়ি আসেন। রোববার দুপুরে বাজারে যাওয়ার পথে তাঁকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে জাহাঙ্গীর ছাড়া সোনামুদ্দিনের পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় জাহাঙ্গীর হাওলাদার, আনু মাদবর, বিল্লাল হোসেন ও নুর হোসেনকে আটক করা হয়েছে।
কুষ্টিয়া: বড়বাজার মিলপাড়া এলাকার সুইপার কলোনির সামনে বসে শনিবার দুপুরে বিজয় লাল (২৫) নামের এক তরুণ কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় শত্রুতার জের ধরে কয়েকজন মিলে বিজয়কে মারধর করেন। একপর্যায়ে একজন কোদাল দিয়ে আঘাত করলে বিজয় আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিজয় ওই কলোনির তিতু লালের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) লাবণী খন্দকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পটুয়াখালী: সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামের মুক্তিযোদ্ধা আয়ুব আলীর সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বিরোধ চলে আসছে। গত রোববার দুপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আয়ুবের ছেলে মাসুদ মাতব্বর (২০) গুরুতর জখম হন। তাঁকে প্রথমে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল পৌনে চারটার দিকে তিনি মারা যান।
সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, এ ঘটনায় আয়ুব ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন-চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
ফরিদপুর: নিখোঁজের দুই দিন পর শনিবার দুপুরে অটোরিকশাচালক আরজু ব্যাপারীর (২৮) লাশ মধুখালীর রায়পুর ইউনিয়নের গোয়ালীয়া বাজার-সংলগ্ন একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ ঝিনাইদহের শৈলকুপা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটিও জব্দ করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরজু ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের আসিরউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা ছিলেন। এ ব্যাপারে তাঁর ভাই সাত্তার ওই দিনই থানায় মামলা করেছেন।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গত রোববার সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুরের গোহালা ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামের একটি সড়কের ঢালে অজ্ঞাত (৪০) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় ব্যক্তিরা। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মুকসুদপুর থানার ওসি আজিজুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ছাড়া গত শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেপটিক ট্যাংক থেকে রাজু শেখ (২২) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজু স্থানীয় এমএইচ খান কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেছেন। তিনি উপজেলার দুর্গাপুর গ্রামের আমিরুল শেখের ছেলে। রাজু ঢাকায় বাবার কাছে থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য কোচিং করছিলেন। নিহত রাজুর মা মাবিয়া বেগম বলেন, গত ২৬ জুন ঈদের ছুটিতে বাড়িতে আসেন রাজু। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বন্ধু হাবি ও সালাউদ্দিন তাঁকে বাসা থেকে ডেকে নেন। তাঁরা একই গ্রামের আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। এরপর থেকে তাঁকে পাওয়া যায়নি। পরে শুক্রবার দুপুরে ওই সেপটিক ট্যাংক থেকে রাজুর লাশ উদ্ধার করা হয়।
সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, এ ব্যাপারে মাবিয়া গত রোববার থানায় হত্যা মামলা করেছেন। সাগর (১৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।