পাঁচ জেলেকে অপহরণ
মুক্তিপণের দাবিতে সুন্দরবনের ঝাপসি এলাকা থেকে গতকাল রোববার পাঁচ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। আটক জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলে ও জেলে-মহাজন সূত্র জানায়, রোববার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঝাপসি এলাকায় মাছ ধরছিলেন জেলেরা। এ সময় জেলেদের ওপর হামলা চালান সাগর বাহিনীর সদস্যরা। দস্যুরা জেলেদের নৌকায় হামলা চালিয়ে মাছ ও বিভিন্ন মালামাল লুটে নেন। এ ছাড়া দস্যুরা জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যান। অপহৃত জেলেদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামে। এঁদের মধ্যে জিন্নাত মোল্যা নামের এক জেলের পরিচয় নিশ্চিত করেছেন জেলেরা। মোংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে ফরিদুজ্জামান খান বলেন, ‘জেলেদের মাধ্যমে বিষয়টি জানার পর আমরা অপহৃত জেলেদের উদ্ধার অভিযান শুরু করেছি।’