পাঁচ ডায়াগনস্টিক সেন্টারের ১২ লাখ টাকার বেশি জরিমানা
মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার ও ভুয়া মেডিকেল প্রতিবেদন তৈরির অপরাধে রাজধানীর পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ১২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- মেডিসন ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, সাইক ডায়াগনস্টিক সেন্টার, মেডিনেট ডায়াগনস্টিক সেন্টার ও ডা. আমানত ডায়াগনস্টিক সেন্টার।
আজ শনিবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-৪ এর এই ভ্রাম্যমাণ আদালত মিরপুর-১ নম্বর সেকশনের অবস্থিত এসব ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে মেডিসন, মেডিনেট ও সাইক ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্স ছিল না। প্রয়োজনীয় লোকবল ছাড়াই এই তিনটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ করে আসছিল। এ ছাড়া বিভিন্ন চিকিৎসকের স্বাক্ষর জাল করে রোগ নির্ণয়ের ভুয়া প্রতিবেদন তৈরি করত এরা। এ জন্য মেডিসন ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ ১০ হাজার টাকা, মেডিনেট ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা এবং সাইক ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
তবে লাইসেন্স থাকলেও রোগ নির্ণয়ের ভুয়া প্রতিবেদন তৈরির অপরাধে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ ১০ হাজার টাকা ও ডা. আমানত ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অপরাধ আবারও করলে এসব ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।