পাঁচ দশকে বাবা ও দুই ছেলে খুন
১৯৬৪ সালে ভূমিদস্যুদের হাতে খুন হন ফাগু সরেন। ৪৭ বছর পর ২০১১ সালে নিহত হন তাঁর বড় ছেলে গোসাই। আর ২০১৪ সালে মেজো ছেলে ঢুডুকে স্থানীয় ভূমিদস্যুরা কুপিয়ে হত্যা করে। এভাবে পাঁচ দশকে এক পরিবারের তিনজন খুন হলেও বিচার পায়নি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনয়নের ডারকামারি গ্রামের সরেন পরিবার।
নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডারকামারি গ্রামে ফাগু সরেনের ৩৩ একর ১১ শতক জমি ছিল। কুশদহ ইউনিয়নের তৎকালীন ভাইস চেয়ারম্যান মহির উদ্দিন বর্গা নিয়ে ফাগু সরেনের জমি চাষাবাদ করতেন। ৬২ সালে সেই জমি থেকে মহির উদ্দিন জাল দলিলের মাধ্যমে ১১ একর ৯৩ শতাংশ দখল করে নেন। এর প্রতিবাদ করতে গেলে ১৯৬৪ সালে মহির উদ্দিন ফাগু সরেনকে হত্যা করেন। পুলিশের করা মামলায় মহির উদ্দিনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
এরপর ২০১১ সালের ২৮ জুলাই উপজেলার কচুয়ায় অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত সাইকেল দিয়ে ফাগু সরেনের বড় ছেলে গোসাই সরেনকে ধাক্কা দেয় ও বুকে আঘাত করে। পরে দিনাজপুর হাসাপাতালে নেওয়ার পথে গোসাই মারা যান। পরিবারের অভিযোগ, ভূমিদস্যুরাই তাঁকে মেরেছে।
অবশিষ্ট জমি দখল করার জন্য ২০১৪ সালের ২ আগস্ট ফাগু সরেনের মেজো ছেলে ঢুডু সরেনকে খালিলপুর গ্রামের স্থানীয় ভূমিদস্যু আজাহার আলী, আবদুল গোফফার, দেলোয়ার হোসেন, আবদুল হালিম, সুমন মিয়া, সুজন মিয়াসহ এবং গোফফারের পরিবারের কয়েকজন নারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঢুডুর ছেলে রবি সরেন বাদী হয়ে ওই আটজন সদস্যসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসািম করে নবাবগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ আসািমদের গ্রেপ্তার না করায় বিভিন্ন আদিবাসী সংগঠনের আন্দোলনের মুখে মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। পরে গোয়েন্দা পুলিশ মামলার প্রধান আসামি আবদুল গোফফারকে ঢাকার গাজীপুর থেকে গ্রেপ্তার করে। এরপর ভূমিদস্যুরা প্রকাশ্যে ঢুডু সরেনের স্ত্রী ফুলমণি মাির্ডকে মামলা তুলে নিতে হুমকি দেয় ও লাঞ্ছিত করে। ঢুডুর ছেলে রবি বলেন, ঘটনার পর পাঁচ মাস পার হলেও পুলিশ অন্য আসামিদের ধরতে কোনো প্রকার চেষ্টা করেছে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুরের গোয়েন্দা পুলিশের এসআই বজলুর রশিদ জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। হত্যায় সাতজনের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় গত ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি আমিরুল ইসলাম জানান, প্রতি ১০ বছর পর পর থানার মামলার নথিপত্র আদালতের মুন্সিখানায় পাঠানো হয়। থানায় কোনো কাগজ না থাকায় ফাগু সরেনের হত্যা নিয়ে কী ঘটেছিল, তা বলা সম্ভব নয়।
স্থানীয় আদিবাসী নেতা শ্যামল মার্ডি বলেন, ‘ফাগু সরেনকে হত্যার পর বিচার না হওয়ায় ভূমিদস্যুরা প্রকাশ্যে ফাগু সরেনের জমি দখলে নিয়েছে। পরে তাঁর দুই ছেলেকে হত্যা করে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করছে।’