পাঁচ দিন ধরে কারাগারে নিরপরাধ কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদালত থেকে অব্যাহতি পাওয়ার পরও পাঁচ দিন ধরে সিরাজগঞ্জ কারাগারে হাজতবাস করছেন একজন নির্দোষ কৃষক। সিরাজগঞ্জের কাজীপুর থানার পুলিশ একটি যৌতুক মামলায় গত সোমবার আমজাদ হোসেন নামের ওই কৃষককে গ্রেপ্তার করে। 
অভিযোগ উঠেছে, মামলার বাদীপক্ষের যোগসাজশে এক পেশকার আমজাদ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করান। আর পুলিশ ওই গ্রেপ্তারি পরোয়ানার জোরেই তাঁকে গ্রেপ্তার করে।
আমজাদ হোসেনের আইনজীবীরা গত বৃহস্পতিবার বিষয়টি বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালতের নজরে আনেন। আদালত আমজাদ হোসেনকে মুক্তির আদেশ দেন। আদেশে বলা হয়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি যৌতুকের মামলা থেকে আমজাদ হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য কোনো মামলা না থাকলে তাঁকে মুক্তি দেওয়া হোক।
বগুড়া আদালতের আইনজীবী আবদুল লতীফ পশারী বলেন, ওই কৃষক অন্য জেলার কারাগারে থাকায় আদালতের আদেশ বৃহস্পতিবার সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আগামী রোববারের আগে তিনি মুক্তি পাচ্ছেন না। মামলার অন্য পক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে আদালতের অজ্ঞাতে আমজাদ হোসেনের বিরুদ্ধে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করান ফজলুর রশীদ নামে একজন পেশকার। তবে পেশকার ফজলুর রশীদ বলেন, ‘পরোয়ানা আসল না নকল তা নথি না দেখে বলা যাবে না। এই মুহূর্তে ছুটিতে আছি। পরে কথা বলব।’
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ‘আদালত থেকে অব্যাহতি পাওয়া কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিস্ময়কর। বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে পরোয়ানা আদালত থেকে জারি হলে এর জন্য পেশকার দায়ী। আবার তা ভুয়া হলেও তার সঙ্গে পেশকার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।’
ভুক্তভোগী কৃষক আমজাদ হোসেনের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বিশা মণ্ডলের মেয়ে সাথি খাতুনের (২১) সঙ্গে ২০১১ সালে কাজীপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে সাইদুল ইসলামের (২৮) বিয়ে হয়। ২০১৪ সালে স্ত্রীকে তালাক দেন সাইদুল। এর পরই সাথি সাইদুল এবং আমজাদ হোসেনের বিরুদ্ধে বগুড়ার বিচারিক হাকিম আদালত-৪-এ যৌতুক নিরোধ আইনে মামলা করেন। কিন্তু তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালত আমজাদ হোসেনকে মামলা থেকে অব্যাহতি ও সাইদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে অবশ্য সাইদুলও জামিন পান। কিন্তু যে আদালত আমজাদ হোসেনকে অব্যাহতি দিয়েছিলেন সেই একই আদালত গত ৩ মার্চ তাঁর বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর ভিত্তিতে পুলিশ ১৩ এপ্রিল আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে।