পাঁচ দিন ধরে গৃহবধূ নিখোঁজ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালাখালা গ্রামের জেসমিন আক্তার নামের এক গৃহবধূকে গত পাঁচ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ১০ ডিসেম্বর দুপুর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর ভাশুর কামাল হোসেন মোল্লা দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ ও নিখোঁজ গৃহবধূর পারিবার সূত্র জানায়, ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেসমিন মালাখালা গ্রামের শ্বশুরবাড়ি থেকে উপজেলার শুকীপুরে বাবার বাড়ির উদ্দেশে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ওই দিন বেলা একটা থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। জেসমিনের স্বামী আক্তার হোসেন মালয়েশিয়া-প্রবাসী। তাঁদের তিনটি সন্তান রয়েছে।
জেসমিনের শাশুড়ি রেজিয়া খাতুন গতকাল বলেন, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ছেলেবউয়ের সঙ্গে তিনি আর যোগাযোগ করতে পারেননি। জেসমিনের সঙ্গে ১০ হাজার টাকা ছিল বলেও জানান রেজিয়া খাতুন। জেসমিনের ভাই শাহীন আহমেদ বলেন, ‘আমরাও খোঁজাখুঁজি করছি।’