পাঁচ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ, টাকা দাবি
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার স্বজনদের অভিযোগ, অজ্ঞাতনামা এক ব্যক্তি অসুস্থ থাকার কথা জানিয়ে তার চিকিৎসার জন্য মুঠোফোনে টাকা দাবি করেছেন।
ওই শিক্ষার্থীর নাম মো. মুকরামিন হোসেন (১৪)। সে সদরে অবস্থিত জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্র এবং উপজেলা শহরের ডাকঘর সড়ক এলাকার বাসিন্দা মো. মহরম আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর রাতে মুকরামিন মসজিদে এশার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তার সঙ্গে থাকা মুঠোফোনটিও বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ২ সেপ্টেম্বর বিকেলে এ ব্যাপারে তার বাবা মহরম আলী জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন সন্ধ্যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মুকরামিনের মামা আলালের মুঠোফোনে ফোন দিয়ে বলেন, মুকরামিন ঢাকার মহাখালী এলাকার একটি আবাসিক হোটেলে আছে। তাকে নিয়ে যেতে বলেন ওই ব্যক্তি। ৩ সেপ্টেম্বর স্বজনেরা ঢাকায় গিয়ে বিষয়টি বনানী থানার পুলিশকে জানান। পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে মুকরামিনকে পায়নি। মুকরামিনের বাবা মহরম আলী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তি আলালকে ফোন করে মুকরামিন অসুস্থ হয়ে পড়েছে বলে জানায়। তার চিকিৎসার জন্য তিনি (অজ্ঞাতনামা ব্যক্তি) বিকাশে এক হাজার টাকা পাঠাতে বলেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, মুকরামিনকে উদ্ধারের জন্য তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুঠোফোনে যোগাযোগকারী অজ্ঞাতনামা ব্যক্তিকেও শনাক্ত করার চেষ্টা চলছে।