পাঁচ দিন পর ডোবায় লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা-পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মো. রাসেল (২৪) নামের এক যুবলীগ নেতার লাশ ডোবায় পাওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দেবনগর গ্রামের এক ডোবা থেকে বিবস্ত্র অবস্থায় রাসেলের লাশ পাওয়া যায়। তিনি এ উপজেলার ভোলাকোট ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন।
রাসেলের বড় বোন লিলু বেগমের ভাষ্যমতে, গত বুধবার রাত নয়টার দিকে রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দেবনগর ও ভোলকোট এলাকায় টহল দিচ্ছিল। এ সময় রাসেল একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পুলিশ তাঁর গতিরোধ করলে ভয়ে মোটরসাইকেল ফেলে দৌড় দেন রাসেল। তখন পুলিশ ধাওয়া করে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন দেবনগর গ্রামের মাঠে রাসেলের জামাকাপড় পাওয়া যায়। এ ঘটনায় গত রোববার তিনি রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
লিলু বেগমের অভিযোগ, পুলিশের ধাওয়ায় ডোবায় পড়ে গিয়ে তাঁর ভাই মারা গেছেন। এ ঘটনায় সঠিক তদন্ত দাবি করেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাঁর কপাল ও শরীরে জখমের চিহ্ন দেখেছি।’
তবে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, ‘এলাকাবাসী রাসেলের জামার পকেটে থেকে ইয়াবা উদ্ধার করে আমাকে দেখিয়েছে। তিনি কীভাবে নিহত হয়েছেন ময়নাতদন্ত প্রতিবেদনের পর তা জানা যাবে। তবে পুলিশ তাঁকে ধাওয়া করেনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’