প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর চর কিশোরগঞ্জ এলাকায় ট্রলারডুবির ঘটনার পাঁচ দিন পর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নদীর শম্ভুপুরা এলাকায় লাশটি পাওয়া যায়।
উদ্ধার হওয়া লাশটি শাহিনা আক্তারের (৩৫)। তিনি একরামপুর গ্রামের আবদুর কাদির মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার বিকেলে শাহিনা আক্তার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকি গ্রামের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসছিলেন। এ সময় মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকায় তাঁদের ট্রলারটির সঙ্গে বালুবাহী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় ট্রলারে থাকা ইকবাল হোসেন নামের এক ব্যক্তি পানিতে ডুবে নিহত এবং শাহিনা আক্তার নিখোঁজ হন। এ ঘটনায় ট্রলারের পাঁচজন যাত্রী আহত হন। গতকাল বিকেলে শম্ভুপুরা এলাকায় শাহিনা আক্তারের লাশ ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে।