পাঁচ দিন পর মামলা, খুনিদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবরোধকারীদের হাতে স্কুলছাত্র রাজন আলী নিহত হওয়ার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। নিহত রাজনের বাবা আওয়ামী লীগের স্থানীয় নেতা রুহুল আমীন এ মামলা করেন।
এদিকে রাজন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী গতকাল বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, এই আসামিরাই জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার রাতে পেট্রলবোমা ও গানপাউডার দিয়ে রুহুল আমীনের বাড়ি পুড়িয়ে দিয়েছিল। এতে তাঁর ২০ লাখ টাকার ক্ষতি হয়।
শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন গতকাল বলেন, ‘আমি আওয়ামী লীগ করি বলেই আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। ওই সময় ভয়ে আমি মামলা করি নাই। একই কারণে আমার নাবালক ছেলেকেও হত্যা করল জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা।’
এদিকে রাজন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শেখটোলা গ্রাম থেকে প্রায় ৫০০ নারী-পুরুষ ও শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিবগঞ্জ উপজেলা পরিষদ পর্যন্ত যায়। সেখানে তাঁরা দাবি আদায়ে ইউএনও সৈয়দ ইরতিজা আহসানের কাছে স্মারকলিপি দেয়।
স্মারকলিপি দেওয়ার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কারিবুল হক প্রমুখ। বক্তারা বলেন, ওই ছাত্রের বাবা আওয়ামী লীগ নেতা হওয়ায় শিশুটিকে হত্যা করেছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা। তাঁরা এ ঘৃণ্য কাজে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন।
স্মারকলিপি গ্রহণ শেষে ইউএনও বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহত রাজনের বাবার দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় থেকে ফেরার পথে রাজনকে একটি আমবাগানে ধরে নিয়ে যায় আসামিরা। সেখানে শিশুটিকে হাতুড়ি, লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায় তারা। পরে রাজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জানুয়ারি রাতে সে মারা যায়।