পাঁচ দিন পর 'মুক্তিপণ' দিয়ে ফিরলেন তাঁরা
চট্টগ্রামের ফটিকছড়ির দুইদ্যাখোলা এলাকা থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অপহরণের পাঁচ দিন পর মুক্তিপণ দিয়ে গতকাল রোববার সন্ধ্যায় তাঁদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধারের জন্য আশপাশের এলাকায় অভিযান চালায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সেনাবাহিনীর নেতৃত্বেও তল্লাশি চলে। শুনেছি স্থানীয়ভাবে যোগাযোগ করে মুক্তিপণ দিয়ে তাঁদের উদ্ধার করা হয়েছে।’
গত বুধবার উপজেলার দুইদ্যাখোলা এলাকা থেকে ১০-১২ জন দুর্বৃত্ত মুহাম্মদ এজাহার এবং দুই ভাই মুহাম্মদ হোসেন ও মুহাম্মদ আইয়ুবকে অপহরণ করে।
অপহৃত হোসেন ও আইয়ুবের ভাই মুহাম্মদ তৈয়ব জানান, ১৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাঁদের ছাড়িয়ে আনা হয়।
স্থানীয় নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি বাবু বলেন, ‘অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছে, তবে মুক্তিপণের বিষয়ে কিছু জানি না।’
মুক্তি পাওয়া মুহাম্মদ আইয়ুব গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘পাঁচ দিনের নরকযন্ত্রণায় আটক থেকে মনে হয়েছে বেঁচে থেকেও বুঝি নেই।’