পাঁচ দিনে ১৬৬ জঙ্গি গ্রেপ্তার
দেশব্যাপী পুলিশের চলমান জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম দিনে সারা দেশে ২১ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১৭ জন, হিযবুত তাহরীর একজন, আনসারুল্লাহ বাংলা টিমের দুজন ও হরকাতুল জিহাদের একজন রয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসংক্রান্ত অভিযান ১৩ জুন শেষ হওয়ায় এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ নিয়ে পাঁচ দিনে পুলিশের বিশেষ অভিযানে ১১ হাজার ৭০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, ৬ জুন থেকে শুরু জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শেষ হবে ১৭ জুন।
পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দিনে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩৭ জনের মধ্যে ২৭ জন জেএমবি ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) সাতজন রয়েছে। বাকি তিনজনের পরিচয় সম্পর্কে জানায়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলার ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ১৯ জন ও মাদক উদ্ধার মামলার ৩৫৮ জন রয়েছে।
দ্বিতীয় দিনে গ্রেপ্তারকৃত ৪৮ জঙ্গি ছাড়া অন্যদের মধ্যে ১ হাজার ৪৯৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আর নিয়মিত মামলার আসামি ৫৮৮ জন।
তৃতীয় দিনের অভিযানে পরোয়ানাভুক্ত ২ হাজার ৫৭৮ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন, মাদক উদ্ধার মামলায় ১৬০ জন ও অন্যান্য মামলায় ৪৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি ছিলেন ৩৪ জন।
চতুর্থ দিনের অভিযানে ২৬ জন জঙ্গি ছাড়া পরোয়ানাভুক্ত ২ হাজার ৩৬৮ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ৩৮ জন, মাদক উদ্ধার মামলায় ২৯৫ জন ও অন্যান্য মামলায় ৩৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।