নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন থেকে অপহৃত এক কলেজছাত্রীকে (১৬) পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ছাত্রীর পরিবার উৎকণ্ঠার মধ্যে রয়েছে। গতকাল বুধবার পর্যন্ত তার খোঁজ পাওয়া যয়ানি।
ছাত্রীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। কলেজে আসা-যাওয়ার পথে জয়নারায়ণপুর গ্রামের মাহবুবুল আলমের ছেলে মো. আশিক (২৬) প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি আশিকের অভিভাবককে জানালে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। সর্বশেষ গত শনিবার (১৫ জুলাই) সকালে কলেজে যাওয়ার পথে আশিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাঁর মেয়েকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আশিকসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন বেগমগঞ্জ থানায়। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মাইক্রোবাস চালক আলাউদ্দিনকে গ্রেপ্তার করলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার কিংবা মামলার অপর আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ছাত্রী অপহরণ মামলায় গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার ও অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।