পাঁচ দিনেও খোঁজ মেলেনি যুবলীগ কর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে যুবলীগের কর্মীকে তুলে নেওয়ার পাঁচ দিন পরও তাঁর খোঁজ পায়নি পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরে স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে যুবলীগের নিখোঁজ কর্মী নুরুল আমিনের পরিবার।
নুরুল আমিনের স্ত্রী শিরিন আক্তার সংবাদ সম্মেলনে জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। রাতে চন্দ্রগঞ্জ, সদর থানা ও লক্ষ্মীপুর ডিবি কার্যালয়ে খোঁজ নিতে গেলে পুলিশ জানায়, নুরুল আমিন নামের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশ তা নেয়নি। পাঁচ দিন ধরে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
শিরিন আক্তার জানান, সোমবার দুপুরে মুঠোফোনে তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাতনামা এক যুবক। তাঁকে জানানো হয়, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিলে নুরুল আমিনকে ছেড়ে দেওয়া হবে। টাকা না দিলে তাঁকে ক্রসফায়ারে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। কিন্তু এর পর থেকে ওই মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অনতিবিলম্বে নুরুল আমিনের সন্ধান দিতে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানায় তাঁর পরিবার। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল নুরুল আমিনের স্নাতক পড়ুয়া মেয়ে পারভীন আক্তার, সপ্তম শ্রেণির ছেলে শিহাব হোসেন ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে ফাইমা জান্নাত। তারা তার বাবাকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নুরুল আমিনকে আটক বা গ্রেপ্তার করেছে কি না, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নুরুল আমিনের বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি ডাকাতির মামলা রয়েছে।