মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণ থেকে আসামি পলায়নের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার তাঁদের জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
পুলিশ সদস্যরা হলেন শহরে দায়িত্বপ্রাপ্ত আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক (এটিএসআই) আজম আলী খান, আদালত পুলিশের কনস্টেবল সুনীল চন্দ্র সরকার, উত্তম কুমার সরকার, সঞ্জয় কুমার দাস ও মৌ আক্তার।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি বনলতায় আবুল কালাম আজাদ নামের শারীরিক প্রতিবন্ধী এক যাত্রীর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় চার ছিনতাইকারী। এ সময় ওই যাত্রী ছিনতাইকারীদের একজনকে জাপটে ধরেন। এ সময় অন্য যাত্রীরা লাভলু মণ্ডল, বাবু শেখ, বলয় সরদার ও আবদুর রশিদ নামের চার ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ওই দিন তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে শিবালয় থানায় মামলা করেন আবুল কালাম আজাদ। গত সোমবার বেলা ১১টার দিকে হাজতখানা থেকে মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করার সময় হাতকড়া খুলে লাভলু পালিয়ে যায়। পরে সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।