পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার বৃদ্ধকে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে গতকাল সোমবার দুপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন মুসা আলী (৬২) নামের এক ব্যক্তি। ধর্ষণের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে ধরে ধোলাই দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে বড়াইগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ধর্ষণের শিকার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশুটি একটি কিন্ডারগার্টেনে নার্সারি শ্রেণিতে পড়ে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেন, উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমোহন গ্রামের বাসিন্দা মুসা আলী দূর সম্পর্কের আত্মীয়তার পরিচয়ে গতকাল দুপুরে শিশুটির বাড়িতে বেড়াতে যান। এ সময় শিশুটির মা মুড়ি ভাজছিলেন। মুড়ি খেতে খেতে শিশুটিকে কোলে তুলে হাঁটতে হাঁটতে পাশের আরেক পরিচিত পরিবারের বাড়িতে যান।
এ সময় ওই বাড়িতে কোনো লোকজন ছিল না। এই সুযোগে বৃদ্ধ শিশুটিকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে বৃদ্ধ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লোকজন তাঁকে ধরে পিটুনি দেন। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান জানান, ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া গণধোলাইয়ে গুরুতর জখম বৃদ্ধকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় ধর্ষণ মামলা করা হয়েছে।