পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ১৭ আগস্ট নগরের ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটেছে। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে।

শিশুটির মা সাংবাদিকদের বলেন, তিনি পোশাকশ্রমিক ও তার স্বামী গাড়িচালক। পূর্ব পরিচয়ের সূত্র ধরে আল আমিন নামের এক যুবক তাঁদের বাসায় আসা-যাওয়া করত। ১৭ আগস্ট বাসায় কেউ না থাকায় আল আমিন তাঁর মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটি কান্না করায় এক প্রতিবেশী প্রথমে বিষয়টি বুঝতে পারেন। রাতে তিনি বাসায় ফিরলে প্রতিবেশী তাঁকে ঘটনা জানান। পরে তিনি মেয়েকে ওসিসিতে নিয়ে যান। আল আমিন হুমকি দেওয়ায় তাঁরা ভয়ে আছেন। এখনো থানায় মামলা করেননি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসির সমন্বয়ক মাফরুহা নিগার প্রথম আলোকে বলেন, পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। কয়েক দিন শিশুটি আতঙ্কিত থাকলেও এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। তার পরিবারকে মামলার পরামর্শ দেওয়া হয়েছে।

ডবলমুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন বলেন, শিশুটির পরিবারকে মামলা করতে বলা হয়েছে। অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।