পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মাগুরার মহম্মদপুর উপজেলায় পাঁচ বছর বয়সের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনার পর রাতে মুকুল মুনশি (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে কয়েক দিন আগে শিশুটি তার মা-বাবার সঙ্গে মহম্মদপুরে নানার বাড়ি বেড়াতে আসে। শিশুটি তার ভ্যানচালক মামার সঙ্গে আজ বিকেল পাঁচটার দিকে স্থানীয় বাজারে আসে। শিশুটিকে ভ্যানে বসিয়ে রেখে তার মামা বাজারের ভেতরে যান। এ সময় মুকুল মুনশি নামের ওই যুবক চকলেট ও ১০০ টাকার একটি নোট দিয়ে শিশুটির সঙ্গে খাতির জমান। একপর্যায়ে মুকুল শিশুটিকে ফুসলিয়ে বাজারের পাশের পাটখেতে নিয়ে বলাৎকার করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মুকুল পালিয়ে যান। পরে শিশুটিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ওসি বলেন, শিশুটির নানার বাড়ির পাশেই মুকুলের বাড়ি। মুকুল বিবাহিত। সন্ধ্যার পর শিশুটিকে নিয়ে তার বাবা-মা, নানা ও মামা থানায় আসেন। ঘটনাটি জানার পর রাত সাড়ে আটটার দিকে মুকুলকে আটক করা হয়।

রাত পৌনে নয়টার দিকে ওসি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।