পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় গত বৃহস্পতিবার পাঁচ বছরের একটি মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা থানায় গতকাল শুক্রবার মামলা করেছেন।
পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম উকিল মণ্ডল (৫৫)। বাড়ি উপজেলার চৌবাড়িয়া গ্রামে।
শিশুটির পরিবার ও থানা সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বাগদুলী বাজারের ব্যবসায়ী উকিল মণ্ডল ওই শিশুটিকে তাঁর প্রতিষ্ঠানে ডেকে নেন। সেখানে তিনি শিশুটির ওপর যৌন নির্যাতন চালান।
এ সময় শিশুটির কান্নাকাটিতে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। অসুস্থ অবস্থায় ওই রাতে শিশুটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইবাদত আলী বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে।
মহিলা পরিষদ রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক পূর্ণিমা দত্ত বলেন, সাম্প্রতিক সময়ে শিশু ও নারীর ওপর যৌন নির্যাতন বেড়ে গেছে। তিনি নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি নির্যাতন প্রতিরোধে সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
পাংশা থানার উপপরিদর্শক (এসআই) হাসিনা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।