পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়ন গ্রেপ্তার ১
জয়পুরহাটের আক্কেলপুরে পাঁচ বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ঘটনায় গত শনিবার রাতে শিশুটির নানা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার রাতেই অভিযুক্ত রাসেল হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। রাসেল উপজেলার আলী মাহমুদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার এজাহার ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি তার নানার বাড়িতে থাকে। ১৩ আগস্ট বিকেলে শিশুটি চিপস আনতে গ্রামের একটি দোকানে যায়। ওই দোকান থেকে চিপস কিনে নানার বাড়ি ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে রাসেল তাঁদের বাড়িতে নিয়ে যান। এরপর তাঁদের একটি ঘরে নিয়ে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালান রাসেল।
শিশুটির নানি আলেয়া বেগম বলেন, ওই ঘরের জানালার একটি পাল্লা খোলা ছিল। ঘরের ভেতরে শিশুর চিৎকার শুনে সালমা খাতুন নামে রাসেলদের এক প্রতিবেশী জানালায় উঁকি দিয়ে ঘটনাটি
দেখতে পান। তিনি চিৎকার দিলে সেখান থেকে রাসেল দ্রুত পালিয়ে যান।
ওই গ্রামের ১০-১২ জন বাসিন্দা জানান, রাসেল মাদকাসক্ত ও বখাটে প্রকৃতির। ওই ঘটনার পর রাসেলের পরিবার বিষয়টি আপস-মীমাংসার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে প্রস্তাব দিয়েছিল। গত শনিবার রাতে আপস-মীমাংসার বৈঠক থেকে পুলিশ রাসেলকে আটক করে।
রাসেলের বাবা নজরুল ইসলাম বলেন, ওই দিন তাঁর ছেলে একা বাড়িতে ছিল। পরে তাঁরা বাড়ি এসে ঘটনাটি জেনেছেন।