পাঁচ বিঘা জমির বোরো ধান নষ্টের অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরে ‘আগাছানাশক’ ওষুধ দিয়ে প্রায় পাঁচ বিঘা জমির বোরো ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল হাকিম খন্দকার আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মুমির উদ্দিন চৌধুরী ওয়াক্ফ এস্টেটের ১০০ বিঘা জমি রয়েছে। এত দিন এ জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক আক্কেলপুর পৌর সদরের হাস্তাবসন্তপুর মহল্লার আনোয়ারা বেওয়াকে এস্টেটের মোতোয়ালি নিয়োগ দেন।
নির্বাহী হাকিম আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মোতোয়ালিকে জমির দখল বুঝিয়ে দেন।
এরপরও ওই জমিতে চাষাবাদ করতে গেলে অবৈধ দখলদারেরা বাধা দিয়ে আসছিল। অবৈধ দখলদারদের প্ররোচনায় গভীর নলকূপের মালিকেরা এস্টেটের প্রায় ৪০ বিঘা জমিতে সেচ বন্ধ রেখেছিলেন। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সেচ কমিটির সভাপতি কামারুজ্জামান কমলকে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে গভীর নলকূপের মালিকেরা ওই জমিতে পানি দেন।
জানতে চাইলে কৃষক আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, তিনি গত বৃহস্পতিবার সকালে মুকিমপুর ফসলি মাঠে গিয়ে দেখেন তাঁর পাঁচ বিঘা খেতের বোরো ধানগাছ মরে গেছে। অথচ আগের দিনই তাঁর ধানখেত ভালো ছিল। তাঁর ধারণা, মাত্রাতিরিক্ত আগাছানাশক ছিটিয়ে ধানগাছ মেরে ফেলা হয়েছে।
মুমির উদ্দিন চৌধুরী এস্টেটের মোতোয়ালি আনোয়ারা বেওয়া বলেন, ‘আমার ছেলে হাকিম খন্দকার ওই জমিতে বোরো ধান রোপণ করে। এত দিন যারা এ জমি অবৈধভাবে দখল করেছিল, তারাই এ ঘটনা ঘটিয়েছে।’
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।