পাঁচ ব্যাংকারকে গ্রেপ্তার দুদকের
প্রায় সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিকেলে মামলা করে রাতেই পাঁচ ব্যাংকারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার গভীর রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কমার্স ব্যাংকের বংশাল শাখার সাবেক ব্যবস্থাপক মো. হাবিবুল গনি, ব্যাংকটির সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ভাইস প্রেসিডেন্ট পানু রঞ্জন দাস, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইফতেখার হোসেন এবং এক্সিকিউটিভ অফিসার আসজাদুর রহমান।
গ্রেপ্তার পাঁচজনসহ নয়জনকে আসামি করে রোববার বংশাল থানায় মামলা করে দুদক। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন কমার্স ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, বৈদেশিক বাণিজ্য শাখার কর্মকর্তা শিরিন নিজামী, সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার দেবাশীষ কুমার এবং মেসার্স উদয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত চৌধুরী।
এজাহারে বলা হয়, আসামিরা অন্যায়ভাবে নিজেরা লাভবান হওয়ার জন্য নিজেদের ওপর অর্পিত দায়িত্ব চরমভাবে লঙ্ঘন করেছেন। প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে কমার্স ব্যাংকের বংশাল শাখার গ্রাহক উদয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে দুটি ঋণপত্রের (এলসি) মাধ্যমে আমদানি করা পণ্যের মূল্য বাবদ ৮২ লাখ ৮৯ হাজার ৮৯৫ টাকা আত্মসাৎ করেন। পরে সেটি সুদাসলে ১ কোটি ১১ লাখ ৭৮ লাখ ৮৯১ টাকা হয়। মামলায় দণ্ডবিধির ৪০৯/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১/ ১০৯ এবং ১৯৪৭ সনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানায়, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রেপ্তারের পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার দুপুরে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে জ্ঞাত–আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে দুদক। আজ সোমবার তাঁদের যশোর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক সুপার মো. মকবুল হোসেন ও তাঁর স্ত্রী সালেহা বেগম।