বান্দরবানের লামায় বৃদ্ধ দম্পতি হত্যায় জড়িত সন্দেহে আটক দুজনকে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অবশ্য গতকাল রোববার বৃদ্ধ দম্পতির পরিবারের করা হত্যা মামলার এজাহারে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। তবে পাড়ার এক ব্যক্তিকে সন্দেহ করছে পরিবার। ওই ব্যক্তির বিরুদ্ধে পাঁচ মাস আগে চুরির অভিযোগ ওঠে। এরপর আর তাঁকে এলাকায় দেখা যাচ্ছে না। বৃদ্ধ দম্পতির ঘর থেকে তখন প্রায় ৭০ হাজার টাকা চুরি হয়।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল আলম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া পাড়ার পাশের একটি রাবারবাগানের ব্যবস্থাপক ছিলেন আবদুল মালেক (৫০)। সম্প্রতি তাঁকে বাদ দিয়ে বাগান কর্তৃপক্ষ ক্যহ্লাচিং মারমাকে (খুন হওয়া বৃদ্ধ) ওই দায়িত্ব দিয়েছিল। এতে মালেক ও তাঁর ছেলে আলী হোসেন (২০) ক্ষুব্ধ হন। তাঁরা ক্যহ্লাচিংকে হুমকি দিয়েছিলেন। তাঁদের দুজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত শনিবার তাঁদের আটক করা হয়। গতকাল আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা ছোটপাড়া এলাকার নিজ বাড়ি থেকে শনিবার সকালে বৃদ্ধ দম্পতি ক্যহ্লাচিং মারমা (৭০) ও তাঁর স্ত্রী চিংহ্লামে মারমার (৬৫) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ফাসিয়াখালী ইউনিয়ন লামা উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে। ক্যহ্লাচিং মারমা ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
এদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মামলার তদন্ত কর্মকর্তাকে সহযোগিতার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত সহযোগী দল গঠন করা হয়েছে। এই দলের সদস্যরা হত্যাকারী শনাক্ত করতে তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
নিহত ক্যহ্লাচিংয়ের ছেলে জুয়েল মারমা বলেন, এই হত্যাকাণ্ডে পাড়ার এক লোককে সন্দেহ করছেন তাঁরা। ওই ব্যক্তি পাঁচ মাস আগে তাঁর বাবার ঘর থেকে প্রায় ৭০ হাজার টাকা চুরি করেন বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) ও পাড়াবাসী সালিস ডাকলেও ওই ব্যক্তি হাজির হননি। এলাকায় এখন আর তাঁকে দেখা যাচ্ছে না।
এ বিষয়ে লামা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, রাবারবাগানের ব্যবস্থাপকের পদ নিয়ে হুমকি দেওয়া, ভূমিবিরোধ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব, চুরির ঘটনায় পাড়াবাসীর কাছে অভিযুক্ত ব্যক্তির পলাতক থাকা সব বিষয়ই নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।