পাঁচ মাসেও কোনো চক্রের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের এক দিন পর পুলিশ দাবি করেছিল, এর সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত। কিন্তু ঘটনার পাঁচ মাস পরেও এই চক্রের সন্ধান মেলেনি। জানা যায়নি কোন দেশে অস্ত্রগুলো তৈরি হয়েছিল। অস্ত্রগুলো বহনে ব্যবহার করা গাড়িটিরও হদিস পাওয়া যায়নি।

উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে গত ১৮ ও ১৯ জুন অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৯৭টি পিস্তল, ৪৯৪টি ম্যাগাজিন ও ১ হাজার ৬০টি গুলি, ১০টি বেয়নেট, গুলি বানানোর ১০৪টি ছাঁচ ও ৮টি ‘পিস্তল ক্লিনার রড’। আটটি কালো রঙের ট্রাভেল ব্যাগ ও কাগজের কার্টনে অস্ত্রগুলো ছিল।

পুলিশের দাবি, ১৮ জুন বিকেলে নম্বরপ্লেটহীন একটি কালো রঙের গাড়িতে করে অস্ত্রগুলো ওই খালে ফেলা হয়। তুরাগ থানায় এই অস্ত্র উদ্ধারসংক্রান্ত করা সাধারণ ডায়েরিটি (জিডি) তদন্ত করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তদন্তের দায়িত্বে রয়েছেন সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের আর্মস এনফোর্সমেন্ট দলের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন। এ ছাড়া তদন্তে সহায়তার জন্য ছয় সদস্যের একটি সহায়ক দল গঠন করা হয়।

 অস্ত্র উদ্ধার সম্পর্কে জানাতে ২০ অক্টোবর সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটি কোনো সাধারণ সন্ত্রাসীর কাজ নয়। এগুলো মজুতের সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত।’ তিনি অস্ত্র মজুতের ব্যাপারে বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করেন। 

জানতে চাইলে ছানোয়ার হোসেন গতকাল প্রথম আলোকেবলেন, তদন্ত সহায়ক দলের সঙ্গে তাঁর এ ব্যাপারে একাধিক বৈঠক হয়েছে। তাঁরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা কী উদ্দেশ্যে অস্ত্রগুলো এনেছিল, তা এখনো জানা যায়নি। তিনি বলেন, অস্ত্রগুলোর ব্যবহারকারী কারা, কোন দেশে এগুলো তৈরি হয়েছিল এবং অস্ত্রগুলোর ধরন সম্পর্কে জানতে তদন্ত চলছে।

অস্ত্র বহনে ব্যবহার করা গাড়িটি সম্পর্কে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, গাড়িটির সন্ধান পেতে আশপাশের এলাকা থেকে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে গাড়িটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এখনো গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

  জানতে চাইলে তদন্ত সহায়ক দলের এক সদস্য নাম না প্রকাশের শর্তে গতকাল বলেন, উদ্ধার অস্ত্রগুলোতে কোনো দেশের নাম না পাওয়া গেলেও কিছু অস্ত্রের গায়ে নম্বর পাওয়া গেছে। সেই নম্বরগুলো ঠিক আছে কি না, তা পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। সিআইডির পক্ষ থেকে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি। তিনি বলেন, জঙ্গি হামলার তদন্তে ব্যস্ততার কারণে অস্ত্র উদ্ধারের ঘটনা তদন্ত কিছুটা শিথিল হয়েছিল। দু-এক দিনের মধ্যে তদন্তসংশ্লিষ্টদের নিয়ে সভা করে তদন্তে জোর দেওয়া হবে।