পাঁচ মাসেও পৌঁছায়নি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদালত থেকে সদর থানার দূরত্ব আনুমানিক ৫০০ গজ। এই ৫০০ গজ দূরের জেলা জজ আদালত থেকে পাঁচ মাস আগে পাঠানো একটি গ্রেপ্তারি পরোয়ানা গতকাল শুক্রবার পর্যন্ত সদর থানায় পৌঁছায়নি।
বগুড়ার তিনমাথা রেলগেট এলাকায় রেললাইন দখল এবং লাইনের স্লিপারের ওপর মাটি ভরাট করে সেখানে বিপণিবিতান (মার্কেট) নির্মাণের ঘটনায় একটি মামলা হয়। এ মামলায় বগুড়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক এবং জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবদুল গফুরসহ চারজনের বিরুদ্ধে গত বছরের ৮ অক্টোবর জেলা জজ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্য দুই পলাতক আসামি হলেন আবদুল মানিক ও মামুন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান জানান, রেলওয়ের জায়গা দখলের মামলাটি তদন্ত করে ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে জিআরপি পুলিশ। পরে মামলাটি জেলা আদালতে উঠলে তা আমলে নিয়ে ৩০ মার্চের মধ্যে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং তাদের বাড়ির মালামাল ক্রোক করার আদেশ জারি করা হয়।
তবে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গতকাল শনিবার বলেন, ‘এ ধরনের কোনো গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছায়নি।’
সরেজমিনে দেখা গেছে, তিনমাথা রেলগেট এলাকায় পাশাপাশি সমান্তরাল তিনটি রেললাইন। একটিতে নিয়মিত ট্রেন চলে। জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করোপরেশনের (বিএডিসি) গুদামে ট্রেনযোগে সার সরবরাহের জন্য অন্য দুটি নির্মাণ করা হয়েছিল।
বগুড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, বিএডিসির গুদামে মালবাহী ট্রেন চলাচলের রেললাইন দখল এবং মাটি দিয়ে স্লিপার ভরাট করে পাকা দোকানঘর নির্মাণ করায় যুবলীগ ও শ্রমিক লীগের ওই দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ বন্ধ রাখলেও নেতারা লাইনের পাশে রেলের জায়গা দখল করে বিপণিবিতান নির্মাণ করেছেন। অন্যদিকে রেললাইনের যে জায়গায় মাটি ভরাট করা হয়েছিল, তা দখল করে স্থানীয় ব্যক্তিরা অস্থায়ী দোকান বসানোয় রেলওয়ের পক্ষ থেকে পৃথক আরেকটি মামলা করা হয়েছে।
জিআরপি বোনারপাড়া থানার পরিদর্শক (ওসি) শরিফুল আলম বলেন, বগুড়ার তিনমাথা এলাকায় রেললাইন দখল করার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার মধ্যে একটির গত বছর এবং অন্যটির দুই মাস আগে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে রেললাইন ছাড়া লাইনের পাশে যেসব দোকানঘর নির্মাণ করা হয়েছে, এসবের ব্যাপারে কেউ মামলা করেননি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের এপ্রিল মাসে বগুড়ার যুবলীগ ও শ্রমিক লীগের ওই দুই নেতার নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রাচীর ঘেঁষে রেলের জায়গা দখল করে বিপণিবিতান নির্মাণ করা হচ্ছিল। আর এ কাজ করতে গিয়ে বিএডিসির গুদামে কৃষকের সার সরবরাহের জন্য নির্মিত সমান্তরাল দুটি রেললাইনের ওপর মাটি ভরাট করে সেখানেও ইটের দেয়াল তুলে দোকানঘর নির্মাণের চেষ্টা করেন নেতারা। রেললাইনের ওপর মাটি ফেলায় মাটির নিচে চাপা পড়ে রেলের স্লিপার ও পাথর। এতে জায়গা বেহাতের সঙ্গে সঙ্গে গুদামে সার সরবরাহের রেললাইনও অকেজো হয়ে পড়ে। বাধা দেন রেলওয়ের কর্মকর্তারা। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাধা উপেক্ষা করে দোকানঘর নির্মাণ অব্যাহত রাখেন ওই দুই নেতা ও তাঁদের সহযোগীরা। বাধ্য হয়ে গত বছরের ১৮ এপ্রিল ওই দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে রেলওয়ে বগুড়ার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন বাদী হয়ে বোনারপাড়া জিআরপি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ২৯ জুন ওই দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জিআরপি পুলিশের বগুড়া স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল কুমার বর্মণ।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, তিনমাথা রেলগেট এলাকায় রেললাইনের ওপর তোলা পাকা দেয়াল ভেঙে ফেলা হয়েছে। রেললাইনের ওপরই চলছে নানা পণ্যের বিকিকিনি। রেললাইনের পাশ ঘেঁষে নির্মাণ করা হয়েছে ইট-সিমেন্টের অন্তত ২৫টি দোকানঘর।
রানা ভ্যারাইটিজ স্টোরের মালিক আবদুল গফুর বলেন, শ্রমিক লীগের নেতা আবদুল গফুরের কাছ থেকে তিনি মাসে দেড় হাজার টাকা চুক্তিতে দোকানঘর ভাড়া নিয়েছেন। অন্য দোকানও মাসে এক হাজার থেকে আড়াই হাজার টাকা চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। প্রত্যেককে জামানত দিতে হয়েছে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা। এ মার্কেটে ২৫টির মতো দোকান রয়েছে।
অভিযুক্ত দুই নেতার মধ্যে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, রেললাইনের ওপর মাটি ভরাট বা দোকানঘর নির্মাণের অভিযোগ নত্য নয়। তিনি দাবি করেন, রেললাইনের পাশে যে জায়গায় মার্কেট নির্মাণ করা হয়েছে, তা লাইন থেকে ৬০ ফুট দূরে। জায়গাটি ১৯৯১ সালে রেলওয়ের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছে। কিন্তু রেলের লোকজন বর্তমানে খাজনাও নিচ্ছে না, ইজারা নবায়নও করছে না।
শ্রমিক লীগের নেতা বলেন, রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের মোকাররম হোসেন নামে একজন কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষ দাবি করেছিলেন, না দেওয়ায় ওই মামলা দিয়েছেন। তিনি বলেন, ‘শুনেছি আদালত থেকে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেটা হয়ে থাকলে আদালত থেকে জামিন নেওয়া হবে।’