পাঁচ মেয়র প্রার্থীকে সতর্ক করতে ইসির চিঠি
আচরণবিধি লঙ্ঘনের কারণে বরগুনা সদর পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী কামরুল আহসান মহারাজসহ পাঁচ মেয়রপ্রার্থীকে সতর্ক করে চিঠি দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার কমিশন সচিবালয় থেকে রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
অন্য যে চার প্রার্থীকে সতর্ক করতে বলা হয়েছে, তাঁরা হলেন বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র সাহাদাৎ হোসেন, কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সামসুজ্জামান অরুণ, নরসিংদীর মাধবদীতে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইলিয়াস ও রাজশাহীর তাহেরপুরে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ।
কমিশন সচিবালয়ের সিনিয়র উপ-সচিব কাজী রকিব উদ্দীন মণ্ডল এ সংক্রান্ত চিঠিতে সই করেন। এ ছাড়াও বিভিন্ন পৌরসভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়ে কমিশন আজ চট্টগ্রাম, কুষ্টিয়া ও বরিশালের পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।
শরীয়তপুরের বিএনপির ৪ প্রার্থীর অভিযোগ: শরিয়তপুর জেলার চারটি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীরা আজ নির্বাচন কমিশনে পৃথক পৃথক অভিযোগ জমা দিয়েছেন। শরিয়তপুর পৌরসভার প্রার্থী এ কে এম নাসির উদ্দিন, জাজিরার প্রার্থী সিকদার মো. ইকবাল, ডামুড্যার প্রার্থী আলমগীর হোসেন ও নড়িয়ার প্রার্থী রেজাউর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন তাঁদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন।