পাঁচ যুবককে ধরে নিয়ে টাকা আদায় গোয়েন্দা পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বন্ধুকে গত মঙ্গলবার ধরে নিয়ে মাদকের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তিন লাখ টাকা আদায় করেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা। পরে নরসিংদী পৌরসভার মেয়রের হস্তক্ষেপে সেই টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম পাভেল, মিলন মিয়া, ভুট্টু ও সাখাওয়াত হোসেন—এই পাঁচ বন্ধু ব্যক্তিগত একটি গাড়ি নিয়ে নরসিংদী থেকে শিবপুরের ইটাখোলা এলাকায় ঘুরতে যান। সেখানে যাওয়ার পরপরই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) নঈমুল মোস্তাকের নেতৃত্বে একদল পুলিশ তাঁদের গতি রোধ করে। পরে গাড়ি থেকে তাঁদের নামিয়ে ভুট্টু ও সাখাওয়াতকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনকে গাড়িসহ ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বলা হয়, গাড়িতে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা পাওয়া গেছে। টাকা না দিলে মাদক মামলায় দেওয়া হবে।
ভুক্তভোগীরা জানান, তখন চিনিশপুর এলাকার তপু ভূঁইয়া ডিবি পুলিশের কার্যালয়ে আসেন। তাঁর মাধ্যমে তিন লাখ টাকা ঘুষ নেন উপপরিদর্শক নঈমুল মোস্তাক। এর মধ্যে নগদ টাকা ছাড়াও চেক ছিল। টাকা নেওয়ার পর মঙ্গলবার রাতেই তিনজনকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামানকে জানানো হয়। মেয়রের হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ডিবির ওসি আলমগীর হোসেনের মাধ্যমে ২ লাখ ৩০ হাজার টাকার একটি চেক উদ্ধার করা হয়। ছেড়ে দেওয়া হয় গাড়িটিও।
ভুক্তভোগী আরিফুল ইসলাম গতকাল বিকেলে বলেন, এসআই নঈমুল মোস্তাক তাঁর তথ্য সরবরাহকারী (সোর্স) তপুর মাধ্যমে টাকা নেন। মেয়রের কাছে চেকটা ফেরত দেওয়া হলেও এখনো সেটি তাঁরা হাতে পাননি। আরিফুল বলেন, ডিবি অফিসে নেওয়ার আগে পুলিশ তাঁকে মারধরও করেছে।
জানতে চাইলে তপু ভূঁইয়া তিন লাখ টাকা এসআই নঈমুলের কাছে হস্তান্তরের কথা স্বীকার করেন। তিনি গতকাল বিকেলে বলেন, ‘এখন চেকটি মেয়র সাহেবের কাছে আছে।’
উপপরিদর্শক নঈমুল মোস্তাক প্রথমে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন।
ওসি আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে ২ লাখ ৩০ হাজার টাকার চেক ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকা আমার কাছে আছে। সন্ধ্যায় (গতকাল) মেয়রের কাছে নিয়ে যাব।’
গতকাল রাতে মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।