পাঁচ লাখ আদায়, লক্ষাধিক টাকা কমিশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়ন থেকে প্রায় ৫ লাখ টাকা ইউনিয়ন পরিষদকে কর আদায় করে দিয়ে জাগরণী সংস্থা নামের একটি সমিতি লক্ষাধিক টাকা কমিশন পাচ্ছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েকজন সদস্য ও বাসিন্দা অভিযোগ করেছেন, সমিতিটিকে আদায়ের কমিশন দিতে ইউপি চেয়ারম্যান ও সচিব করের হার প্রায় দ্বিগুণ করেছেন। এ ছাড়া কর আদায় নিশ্চিত করতে ইউনিয়ন সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েও মাইকিং করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৬৮ ধারার উপ-ধারা (১) এ বলা হয়েছে, আরোপযোগ্য সকল কর, রেট, টোল বা ফি নির্ধারিত ব্যক্তি কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে আদায় করতে হবে। উপ-ধারা (২) এ বলা হয়েছে, পরিষদ কর্তৃক দাবিযোগ্য সকল কর, রেট, টোল, ফি এবং অন্যান্য অর্থ সরকারি দাবি হিসেবে আদায়যোগ্য হবে।
ইউপির চেয়ারম্যান খান এ কামাল হাসান বলেন, ‘আগে ইউনিয়নের চৌকিদার ও দফাদারদের নিয়ে কর আদায় করা হতো। তাঁদের ২০ শতাংশ হারে কমিশন দেওয়া হতো। কিন্তু তাতে আদায় ভালো হচ্ছিল না। বকেয়ার পরিমাণ ক্রমেই বাড়ছিল। ঠিকমতো কর আদায় না হওয়ায় বিভিন্ন সূচকে আমরা পেছনে পড়ে যাচ্ছিলাম। এবার নিয়মতান্ত্রিকভাবে একটি সংস্থা দিয়ে ট্যাক্স আদায় করা হয়েছে। আদায় ভালো হয়েছে। এরপর চেকের মাধ্যমে ওই সংস্থাকে ২০ শতাংশ হারে কমিশন দেওয়া হবে।’ তিনি দাবি করেন, ট্যাক্সের হার বাড়ানো হয়নি। ইউনিয়নের মানুষ যাতে জানতে পারেন সে জন্য মাইকিং করা হয়েছে।
ইউপি সূত্র জানায়, ২০১৪ এবং চলতি ২০১৫ সালের কর আদায়ের জন্য সিদ্দিপাশা ইউপির চেয়ারম্যান ও সচিব নওগাঁ-ভিত্তিক সমিতি জাগরণী সংস্থার সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তির শর্ত অনুসারে সংস্থাটি মোট আদায় করা করের ২০ শতাংশ পাবে। গত ৩ আগস্ট থেকে কর আদায়ের কাজ শুরু করে ৯ সেপ্টেম্বর শেষ হয়। ৫ লাখ ১০ হাজার টাকা কর আদায় করা হয়। আদায় করা করের টাকা সমিতির ব্যবস্থাপক ইউপি চেয়ারম্যান ও সচিবের কাছে জমা দিয়েছেন। শর্ত অনুযায়ী ওই সমিতি কমিশন পাবে ১ লাখ ২ হাজার টাকা।
নলামারা গ্রামের কমলেশ দত্ত বলেন, ‘আমার ট্যাক্স ১৩০ টাকা। কিন্তু আদায়কারীরা দুই বছরের ট্যাক্স বাবদ ৪৫০ টাকা আমার নিকট থেকে নিয়ে রসিদ দিয়ে গেছেন। তাঁদের কাছে বেশি ট্যাক্স নেওয়ার কারণ জানতে চেয়েছিলাম। উত্তরে তাঁরা বলেছেন, এটা চেয়ারম্যান ও সচিব নির্ধারণ করে দিয়েছেন।’
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সুষেন বিশ্বাস বলেন, ‘মেম্বারদের সঙ্গে মিটিং না করে চেয়ারম্যান একক সিদ্ধান্তে ট্যাক্স প্রায় দ্বিগুণ করেছেন এবং মাইকিং করে ইউনিয়ন সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে সেই ট্যাক্স আদায় করেছেন।’
৫ নম্বর ওয়ার্ডের সদস্য এম এম আবু জাফর বলেন, ‘ইউনিয়নবাসীর ট্যাক্সের টাকা দিয়ে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ হবে। কিন্তু ইউনিয়ন সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে মাইকিং করে ভীতি ছড়িয়ে প্রায় দ্বিগুণ ট্যাক্স আদায় এবং আদায় করা ট্যাক্স থেকে কমিশন দেওয়া মোটেও গ্রহণযোগ্য নয়।’
ইউপির সচিব শরিফুল ইসলাম বলেন, ইউনিয়নের ট্যাক্সের অনেক টাকা বকেয়া পড়ে ছিল। ওই টাকা আদায় করতে জাগরণী সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে।
জাগরণী সংস্থার ব্যবস্থাপক সাগর আহমেদ বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের অনুমতি নিয়ে আমরা ট্যাক্স আদায় করেছি। মূলত ক্যাম্পেইনের মাধ্যমে ৫ লাখ ১০ হাজার টাকা বকেয়া ট্যাক্স আদায় করেছি। আদায় করা ট্যাক্স জমা দেওয়া হয়েছে। ওই ট্যাক্স থেকে ২০ শতাংশ হারে আমরা ১ লাখ ২ হাজার টাকা কমিশন পাব। এ পর্যন্ত থাকা ও খাওয়া খরচ বাবদ কমিশন থেকে আমাদের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।’
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ বলেন, ‘শুনেছি কর আদায়কারীকে ১৫ থেকে ২০ শতাংশ হারে কমিশন দেওয়া যাবে। সিদ্দিপাশা ইউনিয়নে অনেক টাকার কর বকেয়া ছিল। এবার ইউনিয়নটিতে কর আদায়ের হার সন্তোষজনক।’