কক্সবাজারের রামু এবং পার্শ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রায় পাঁচ লাখ রাবার গাছ থেকে সাদা রস আহরণের ধুম পড়েছে। শীত যত বাড়ছে রস উৎপাদনও তত বেশি হচ্ছে। আগামী মার্চ পর্যন্ত এই রস আহরণ চলবে।
পরবর্তী সময়ে এই রস থেকে রাবার দিয়ে তৈরি হয় জুতা, চ্যান্ডেল, ফুটবল, গাড়ির চাকা, টিউব, কনডম, ওষুধ, হাতের ব্যাগ, গাম, বোতামসহ ১৬৪ রকমের সামগ্রী।
২০ নভেম্বর সকালে রামুর রাবার বাগান ঘুরে দেখা গেছে, হাজার হাজার গাছ থেকে ‘সাদা রস’ সংগ্রহ করছেন শ্রমিকেরা। রস সংগ্রহের জন্য প্রতিটি গাছে ছোট পাত্র বেঁধে রাখা হয়েছে। এর আগে গাছের চামড়া কেটে রস নেমে আসার রাস্তা তৈরি করে দেওয়া হয়। সন্ধ্যার আগে পাত্র থেকে এই রস বালতিতে ভরে কারখানায় মজুত করা হয়। তারপর রোদে শুকিয়ে এবং আগুনে পুড়িয়ে রাবার করা হয়।
রামু রাবার বাগানের উপব্যবস্থাপক মো. আইয়ুব আলী বলেন, বন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের দুই হাজার ১৩১ একরের এই রাবার বাগানে বর্তমানে গাছ রয়েছে এক লাখ ৫৬ হাজার। এর মধ্যে ৯৯ হাজার ১৮০টি গাছে রস আহরণ চলছে। প্রতিদিন রস উৎপাদন হচ্ছে এক হাজার ৭০০ কেজি থেকে দুই হাজার ২০০ কেজি পর্যন্ত।
পাশের নাইক্ষ্যংছড়ি উপজেলাতেও রস উৎপাদনের ধুম পড়েছে। এই উপজেলার সদর, চাকঢালা, বাইশারী, আশারতলী, তুমব্রু ও ঘুমধুম এলাকায় ১৪ হাজার ৭৫০ একরের রাবার বাগানের চার লাখ পাঁচ হাজার গাছে রস আহরণ চলছে। দৈনিক রস আহরণ হচ্ছে গড়ে নয় হাজার কেজি। এসব বাগানে গাছ রয়েছে প্রায় নয় লাখ।
নাইক্ষ্যংছড়ি রাবার বাগান মালিক সমিতির সভাপতি নুরুল আলম বলেন, এই উপজেলায় বনভূমির পরিমাণ ৫১ হাজার ২৩০ একর। এর মধ্যে ৫১২ ব্যক্তি ১৪ হাজার ৭৫০ একর বনভূমি ইজারা নিয়ে রাবার বাগান সৃজন করেন। কিন্তু আন্তর্জাতিক বাজারে রাবারের দাম কমে যাওয়ায় মালিক-শ্রমিকেরা উদ্বিগ্ন। গত বছর উৎপাদিত প্রতি কেজি রাবার বিক্রি হয়েছে ২৩০ টাকায়। এখন সর্বোচ্চ ১৪০ টাকা।
রাবার মালিকেরা বলেন, দুর্গম পাহাড়ে রাবার বাগান করা হয় বলে রস চুরির ঘটনা অহরহ। অনেকে গাছ কেটে নিয়ে যাচ্ছেন। বিশাল এলাকা বলে নিরাপত্তাও নিশ্চিত সম্ভব হয় না। বর্তমানে নাইক্ষ্যংছড়ি ও রামুর রাবার বাগানে প্রায় তিন হাজার শ্রমজীবী মানুষ কর্মরত রয়েছেন।