ঘরোয়া হোটেল কর্মচারী মো. রিয়াদ (১৬) হত্যার ২৮ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি আরিফুল ইসলামকে ধরতে পারেনি পুলিশ। হোটেল মালিক আরিফুল পলাতক থাকলেও এই হত্যা মামলা তুলে নেওয়ার তৎপরতা চলছে। রিয়াদের বড় ভাই রিপনকে পাঁচ লাখ টাকার বিনিময়ে মামলাটি তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রিপন প্রথম আলোকে বলেন, ‘শফিক নামে ঘরোয়া হোটেলের এক কর্মচারী চাঁদপুরের কচুয়ায় থাকেন। এই শফিকের মাধ্যমে আমাকে পাঁচ লাখ টাকার বিনিময়ে মামলাটি তুইলা নিতে প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া মালিকের এক আত্মীয় চাঁদপুরের হাজীগঞ্জে আমার গ্রামের বাড়ি এসে (সোমবার) দেখা করতে চেয়েছেন। আমি না করে দিছি।’
এ ব্যাপারে শফিকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
আসামিপক্ষের হুমকি ও প্রলোভনের কারণে চাঁদপুরে গ্রামের বাড়ি থেকে ঢাকা ফিরে আসতে সাহস পাচ্ছেন না রিপন। এর আগে রিয়াদ হত্যার পর আরিফুলের বড় ভাই রাসেল মুঠোফোনে হুমকি দিয়েছেন বলে তিনি ১ নভেম্বর চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গত ২৭ অক্টোবর রাতে ঢাকার ৭৩ নম্বর স্বামীবাগে ঘরোয়া হোটেলের কর্মচারীদের মেসে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর ওই বাড়ির দোতলায় লাগানো তিনটি ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, হোটেল মালিক আরিফুল ইসলামসহ বেশ কয়েকজন যুবক রিয়াদকে মারধর করে রাত পৌনে একটার দিকে মেসের ভেতরে নিয়ে যান। এর প্রায় ২৫ মিনিট পর গুলিবিদ্ধ অবস্থায় রিয়াদকে আরিফুলের ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যেতেও দেখা যায়।
পরে কর্মচারী জসিমকে দিয়ে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছিনতাইকারীদের গুলিতে রিয়াদ মারা গেছে বলে উল্লেখ করা হয়। লাশ হাসপাতালে পাঠিয়ে আরিফুল পালিয়ে যান। রিয়াদ হত্যার পরদিন থেকে ঘরোয়া হোটেলটি বন্ধ রাখে মালিকপক্ষ। স্বামীবাগের মেস থেকেও হোটেলের কর্মচারীরা চলে গেছেন।
এ ঘটনার পর ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলামকে আসামি করে তিনজনের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন রিয়াদের বড় ভাই রিপন। মামলার ২ নম্বর আসামি মো. জসিমকে ঘটনার পরদিন গ্রেপ্তার করা হয়। তৃতীয় আসামি হোটেলের আরেক কর্মচারী ফরিদও পলাতক রয়েছেন। হত্যায় ব্যবহৃত আরিফুলের গাড়ি ও পিস্তলটিও আটক করা যায়নি।
তদন্তে নেমে পুলিশ হোটেলটি সিলগালা করার জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) আবেদন করেন। আদালত ৩ নভেম্বর হোটেলটি সিলগালা করার আদেশ দেন।
আদালতের এই আদেশে গত রোববার ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক এলাহী ঘরোয়া হোটেলটি সিলগালা করে দেন। এ কথা জানিয়ে মামলার তদন্তকারী ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম শিকদার প্রথম আলোকে বলেন, সিলগালা করার আগে হোটেল থেকে ভিডিও রেকর্ডারটি জব্দ করা হয়েছে। মামলার তদন্ত ঠিকমতো চলছে। তবে প্রধান আসামি আরিফুলকে গ্রেপ্তার করা যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।