পাঁচ শিক্ষক ও ২৬ পরীক্ষার্থীকে বহিষ্কার
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় নকল করায় এবং নকলে সহযোগিতার দায়ে পাঁচ শিক্ষক ও ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার কালিশ-পুনাইল হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম এ শাস্তি দেন।
আজ আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল।
বহিষ্কৃত পাঁচ শিক্ষক হলেন কালিশ-পুনাইল হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মহসিন আলী, উপজেলার সাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক তোজাম্মেল হক, বিজরুল দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুর রহিম, আঁচলতা আলিম মাদ্রাসার শিক্ষক আইয়ুব আলী এবং ইসলামপুর আলিম মাদ্রাসার শিক্ষক আবদুল হাকিম।
আর নকলের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো আঁচলতা আলিম মাদ্রাসার পরীক্ষার্থী আবু সাঈদ, সিহাব উদ্দিন, রায়হান আলী, শামীম আলম, সুমন হোসেন, ইউসুফ হোসেন, সাখাওয়াত হোসেন, কালিশ-পুনাইল হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষার্থী জাকারিয়া হোসেন, ওমর ফারুক, আরিফুল ইসলাম, মাসুদ রানা, শাহাদত হোসেন, জাহিদ হাসান, রাশেদুল ইসলাম ও ইসলামপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থী মাহমুদুল হাসান, আমিনুর রহমান, মাজেদুর রহমান, সেলিম রেজা, শামিম হোসেন, রাকিব হাসান ও গোলাম রব্বানী।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম বলেন, পরীক্ষায় নকল করার সময় ২১ শিক্ষার্থী এবং সহযোগিতা করার সময় পাঁচ শিক্ষককে হাতেনাতে ধরা হয়েছে। বহিষ্কৃত শিক্ষকেরা পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।