শিক্ষকবাসে ককটেল হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার হওয়া পাঁচজনই ছাত্রশিবিরের কর্মী বলে জানা গেছে।
পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুজন বাসে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুল ইসলাম ও মো. ইউসুফ। দুজনই এখন কারাগারে রয়েছেন।
আদালত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, জবানবন্দিতে ওই দুই শিক্ষার্থী হামলায় অংশ নেওয়া আরও কয়েকজনের নাম বলেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল হালিম, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. আমিন উদ্দিন ও মো. ইব্রাহিম খলিলের নাম রয়েছে। এই তিনজনকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।