সুযোগ থাকলেও পাঁচ সচিবের বিরুদ্ধে মামলা করেনি দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুযোগ থাকা সত্ত্বেও পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে মামলা করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)।


আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে কমিশনের মাসিক ব্রিফিংয়ে এ তথ্য জানা গেছে। ব্রিফিংটি করেন দুদকের সচিব মাকসুদুল হাসান খান।


মাকসুদুল হাসান খান বলেন, পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির তদন্ত শেষে আইন অনুযায়ী দুদকের মামলা করতে বাধা না থাকলেও কমিশনের সিদ্ধান্ত অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।


দুদক সচিব বলেন, পদ্মা সেতু দুর্নীতিতে কোনো দালিলিক প্রমাণ না থাকায় অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, গত আগস্ট মাসে কমিশন ১৮টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। এসব মামলায় সম্পৃক্ত রয়েছেন ২৩ জন সরকারি চাকরিজীবী, দুজন ব্যবসায়ী, ছয়জন জনপ্রতিনিধিসহ ৪৯ জন। ১৭টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এসব অভিযোগপত্রে ১১ জন সরকারি চাকরিজীবী, তিনজন ব্যবসায়ী ও দুজন জনপ্রতিনিধিসহ ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।