পাঁচ সচিবের সনদ নেওয়ার প্রক্রিয়া অনিয়ম পেয়েছে দুদক
স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞাসহ পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সাময়িক সনদ ও গেজেট নেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মতে, পুরো প্রক্রিয়াটি আইনসম্মত হয়নি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশ ও যাচাই বাছাই ছাড়াই (জামুকা) থেকে এসব সনদ নেওয়া হয়েছে।
বাকী চার সচিব হলেন সদ্য ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সরকারি কর্ম কমিশনের সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) ও আবুল কাসেম তালুকদার।
দুদক এই কর্মকর্তাদের অসদাচরণের জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছেন। এছাড়া মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে সুপারিশ করেছেন। এছাড়া চাকরিতে প্রবেশকালে মিথ্যা তথ্য দেওয়ায় সরকারি কর্ম কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে-মর্মে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।
গত ২২ জানুয়ারি প্রথম আলোতে ‘চাকরির শেষ সময়ে ‘মুক্তিযোদ্ধা সনদ’ নেওয়ার হিডিক' প্রতিবেদন প্রকাশের পর সারা দেশে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েন প্রশাসনের শীর্ষ অভিযুক্ত সচিবরা। পরে দুদক এই সনদ নেওয়ার প্রক্রিয়া বিষয়ে অনুসন্ধান করে সত্যতা পায়।
গত বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী এ প্রতিবেদন জমা দেন। দু-একদিনের মধ্যে কমিশনের সভায় এ প্রতিবেদন বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হতে পারে।
দুদকের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা আজ মঙ্গলবার রাতে প্রথম আলোকে জানান, দুদক প্রথম আলোর প্রতিবেদনের সত্যতা পেয়েছে।